কৃষি প্রণোদনা পুনর্বাসন কর্মসূচির আওতায় নওগাঁয় ৫ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা ও গমের বীজ এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকালে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
এ সময় সদর উপজেলার সহকারী কমিশনার নূরে আলম সিদ্দিকী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম, নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর-ই আলম মিঠুসহ বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগ জানায়, রবি মৌসুমে সরিষা ও গমের আবাদ বৃদ্ধি এবং কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে স্বাবলম্বী করার লক্ষ্যে এ সরকারি প্রণোদনা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির আওতায় উপজেলার ৫ হাজার কৃষকের প্রত্যেককে এক কেজি করে মানসম্মত বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে দেওয়া হবে।
প্রতিনিধি/আরএইচ