ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শিশুদের খেলাধুলার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে হামদু মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
শনিবার সকালে উপজেলার হরষপুর ইউনিয়নের বাইগদা বন্দেরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে বেলা সাড়ে ১২টা পর্যন্ত দফায় দফায় এই সংঘর্ষ চলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে লুডু খেলা নিয়ে বাইগদা বন্দেরবাড়ি এলাকার বাসিন্দা হামদু মিয়ার ছেলে নীরবকে (১১) থাপ্পড় দেয় প্রতিবেশী আবুল হোসেনের ছেলে ইয়াছিন (১২)। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে হামদু মিয়ার লাঠির আঘাতে ইয়াছিনের মাথা ফেটে যায়।
এরই জের ধরে আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আবুল হোসেনের লোকজন হামদু মিয়ার বাড়িতে হামলা চালায়। মুহূর্তে তা দুপক্ষের মধ্যে ছড়িয়ে পড়ে এবং তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান হামদু মিয়া।
সংঘর্ষে আহত ২০ জনকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম রকীব উর রাজা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক থাকলেও পুনরায় অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।
প্রতিনিধি/একে