দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হওয়া ও উপসর্গ দেখা দিয়েছে আরও ১ হাজার ১৩৭ শিশুর।
রোববার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম-সংক্রান্ত নিয়মিত হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত একদিনে মারা যাওয়া ৪ শিশুর সবার মৃত্যুই হয়েছে হামের উপসর্গ নিয়ে। নতুন আক্রান্ত ১ হাজার ১৩৭ জন শিশুর মধ্যে ১১৫ জনের দেহে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। বাকি ১ হাজার ২২ জন শিশু হামের বিভিন্ন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন।
এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হতে হয়েছে ৯৪৬টি শিশুকে, আর সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ৮৮৬ জন।
অধিদপ্তরের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে মোট ৭৪৮ শিশু। আর চিকিৎসায় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া হামে প্রাণ হারিয়েছে আরও ৯৬ শিশু। সব মিলিয়ে এই সময়ে হাম ও এর উপসর্গজনিত রোগে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৮৪৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৩০ হাজার ৮৩, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬ হাজার ২৯৫। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ১২ হাজার ৬২০ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৮ হাজার ২৮৩ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।
দেশবার্তা/একে