হবিগঞ্জে এনসিপির করা মামলায় জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ আসামিকে অস্থায়ী জামিন দিয়েছেন আদালত।
রোববার (২ আগস্ট) হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নানের আদালতে জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ আসামি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেককে ১০ হাজার টাকার বন্ডে মেডিকেল রিপোর্ট না আসা পর্যন্ত অস্থায়ী জামিন মঞ্জুর করেন।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা বলেন, এজাহারে আসামিদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই। মামলায় ঘটনার তারিখ ও স্থানও উল্লেখ করা হয়নি।
অপরদিকে রাষ্ট্রপক্ষে পিপি মো. আব্দুল হাই এবং সিএসআই আবু তালেব বলেন, আসামিপক্ষের আইনজীবীদের বক্তব্য খণ্ডন করার মতো কোনো উপাদান মামলার এজাহারে নেই। উভয় পক্ষের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট আসামিদের জামিন মঞ্জুর করেন।
আসামিপক্ষে অ্যাডভোকেট কুতুবউদ্দিন জুয়েলসহ বিএনপিপন্থী আইনজীবীরা শুনানিতে অংশ নেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৮ জুলাই) রাতে হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে সারজিস আলমসহ কমপক্ষে ১৫ নেতাকর্মী আহত হন। এ সময় নেতাদের বহনকারী একটি মাইক্রোবাসও ভাঙচুর করা হয়।
বুধবার রাত সাড়ে ৮টায় বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে বসে মামলাটি করা হয়।
মামলায় জেলা ছাত্রদলের সভাপতি রাজিব আহমদ রিংগনকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১০০ জনকে আসামি করা হয়।
মামলাটি দায়ের করেন জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহের।
প্রতিনিধি/আরএইচ