ব্রিটিশ সংবাদমাধ্যম টাইমস-এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের সঙ্গে কথা বলেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে সেই প্রতিবেদনের তথ্য স্পষ্টভাবে অস্বীকার করেছে ফিফা।
এ বিষয়ে নিজেদের অফিসিয়াল চ্যানেলে দেওয়া এক কড়া বিবৃতিতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, এসব দাবি ‘সম্পূর্ণ মনগড়া।’
বিবৃতিতে বলা হয়েছে, ‘গত কয়েক দিনে ফিফা সভাপতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বা তার প্রশাসনের কোনো সদস্যকে ফোন করেননি। এসব দাবি সম্পূর্ণ কল্পকাহিনি।’
এই ব্যাখ্যার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলের বিভিন্ন সিদ্ধান্তে রাজনৈতিক যোগাযোগ বা হস্তক্ষেপের গুঞ্জন থামাতে চায় ফিফা। সংস্থাটি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত এ ধরনের তথ্য ফাঁসের বিরুদ্ধে নিজেদের কঠোর অবস্থানও তুলে ধরেছে।
তবে ফিফার এই বিবৃতির পর এখন পর্যন্ত দ্য টাইমস বা যুক্তরাষ্ট্রের প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে নতুন কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ক্রীড়া গণমাধ্যমের নজর অব্যাহত রয়েছে।
দেশবার্তা/এমআর