টাঙ্গাইলের বাসাইল পৌর এলাকায় গাঁজা সেবনের সময় সজীব (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অনাদায়ে ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে বাসাইল পৌরসভার শহীদ মিনারসংলগ্ন ফাঁকা জায়গা থেকে তাকে আটক করা হয়। সজীব বাসাইল উপজেলার মিরিকপুর গ্রামের কালা চানের ছেলে।
পুলিশ জানায়, নিয়মিত বিশেষ অভিযানের অংশ হিসেবে বাসাইল পৌর এলাকার শহীদ মিনারসংলগ্ন এলাকায় অভিযান চালায় থানা পুলিশ। এ সময় সজীবকে গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।
পরে বাসাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী সজীবকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অনাদায়ে ২০০ টাকা অর্থদণ্ড দেন।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ভ্রাম্যমাণ আদালতের আইনি প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্ত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/আরএইচ