ব্রাহ্মণবাড়িয়ায় অসচ্ছল ও কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে জেলা পরিষদ।
শনিবার (৮ আগস্ট) বেলা ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব বৃত্তি ও উপকরণ তুলে দেওয়া হয়।
জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
অনুষ্ঠানে জেলার ৯৭ জন মেধাবী শিক্ষার্থীকে ১০ হাজার টাকার নগদ চেক ও শিক্ষা উপকরণ দেওয়া হয়। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রয়েছেন। এ ছাড়া তথ্যপ্রযুক্তি শিক্ষায় উৎসাহিত করতে অটুল বিহারি উচ্চ বিদ্যালয়কে একটি এইচপি ল্যাপটপ প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি বলেন, “প্রকৃত মেধাবীদের এই মূল্যায়ন ও স্বীকৃতি শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।”
সভাপতির বক্তব্যে সিরাজুল ইসলাম সিরাজ বলেন, “অতীতে প্রকৃত মেধাবীরা মূল্যায়ন থেকে বঞ্চিত ছিল। টাকার অভাবে কোনো শিক্ষার্থীর পড়ালেখা আটকে গেলে আমাকে জানালে আমি পাশে দাঁড়াব। এই মেধাবীরাই আগামীর হাল ধরবে।”
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদির মিয়ার সমন্বয়ে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ ও পুলিশ সুপার শাহ মো. আবদুর রউফ। অনুষ্ঠানে অন্যান্য কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/আরএইচ