ফেনীর পরশুরামের ঐতিহ্যবাহী মির্জানগর তৌহিদ একাডেমিতে এবারের এসএসসি পরীক্ষায় ফলাফলে চরম বিপর্যয় ঘটেছে। বিদ্যালয়টি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৮০ জন শিক্ষার্থীর মধ্যে ৫০ জনই অকৃতকার্য হয়েছে। এতে প্রতিষ্ঠানটির পাসের হার নেমে এসেছে মাত্র ৩৭.৫০ শতাংশে।
সদ্য প্রকাশিত ফলের তথ্য অনুযায়ী, ৮০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হতে পেরেছে মাত্র ৩০ জন। তবে এই সামগ্রিক বিপর্যয়ের মধ্যে একমাত্র ইতিবাচক দিক ছিল দুজন শিক্ষার্থীর জিপিএ-৫ প্রাপ্তি। ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠের এমন করুণ ফলাফলে স্থানীয় সুধীমহল ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সচেতন মহলের মতে, শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদানে গাফিলতি ও পরিচালনা পর্ষদের তদারকির অভাবেই ফলাফলে এমন বিপর্যয় ঘটেছে।
শিক্ষার গুণগত মান বজায় রাখতে না পারলে প্রতিষ্ঠানটি তার দীর্ঘদিনের সুনাম ও ঐতিহ্য পুরোপুরি হারিয়ে ফেলবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
তবে ফলাফল বিপর্যয়ের দায় শিক্ষার্থীদের ওপর চাপিয়ে মির্জানগর তৌহিদ একাডেমির প্রধান শিক্ষক মো. আইয়ুব বলেন, ‘বর্তমান সময়ে ছাত্ররা পড়ালেখায় অনেকটাই অনাগ্রহী। পরিবার পরিজনের কথা ও তারা অনেক ক্ষেত্রে শুনেনা। শিক্ষকদের একক প্রচেষ্টায় আসলে হয় না, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় ফলাফল নির্ভর করে।’
প্রতিনিধিএকে