গাজীপুরের শ্রীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য প্রতিরোধ, কিশোর অপরাধ ও সন্ত্রাস দমনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)-১ এর উদ্যোগে টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা ক্ষণিকা সভাকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভূঁইয়ার উপস্থিতিতে সভায় বক্তব্য দেন র্যাব কর্মকর্তা ইফতেখার। তিনি বলেন, একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানই যথেষ্ট নয়; এর পাশাপাশি স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাং সংক্রান্ত তথ্য দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় গোপন রাখার বিষয়েও আশ্বস্ত করেন তিনি।
সভায় বক্তারা বলেন, শ্রীপুর একটি গুরুত্বপূর্ণ ও জনবহুল শিল্প এলাকা হওয়ায় এখানকার আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে নিয়মিত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। বিশেষ করে তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পারিবারিক নজরদারির পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করার তাগিদ দেওয়া হয়।
টাউন হল মিটিংয়ে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে নিজ নিজ এলাকার সমস্যা তুলে ধরেন। তারা গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নজরদারি বাড়ানো এবং মাদক ও কিশোর অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনার পরামর্শ দেন।
জনগণের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে স্থানীয় সমস্যা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতেই এ আয়োজন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। সভা শেষে উপস্থিতি সবাই নিজ নিজ অবস্থান থেকে অপরাধমুক্ত সমাজ গঠনে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রতিনিধি/একে