ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী থেকে আনুমানিক ৭০ বছর বয়সী এক অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত আনুমানিক দেড়টার দিকে নদীর কচুরিপানার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধ বেশ কিছুদিন ধরে গুণবহা ও আশপাশের এলাকায় ঘোরাফেরা করছিলেন। গত রাতে গুণবহা গ্রামের বাসিন্দা নিশানসহ স্থানীয়রা ওই বৃদ্ধের গোঙানি ও হাউমাউ করে কান্নার শব্দ শুনতে পান। শব্দের উৎস ধরে নদীর আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও রাতের অন্ধকারে তাকে উদ্ধার করতে পারেননি তারা। পরে স্থানীয়রা বিষয়টি বোয়ালমারী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানান।
খবর পেয়ে বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রশিদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় বারাশিয়া নদীর কচুরিপানার মধ্য থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, "খবর পাওয়া মাত্রই আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর আজ দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এখনও লাশের পরিচয় শনাক্ত হয়নি। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।"
এদিকে অজ্ঞাতনামা ওই বৃদ্ধের দাফনের দায়িত্ব নিয়েছেন বোয়ালমারী পৌরসভার সাবেক কাউন্সিলর ও সম্ভাব্য মেয়র প্রার্থী শেখ আজিজুল হক। তিনি বলেন, "থানা পুলিশের মাধ্যমে মানসিক ভারসাম্যহীন লাশ উদ্ধার খবর জানতে পারি। পরবর্তীতে থানায় এসে স্বপ্রণোদিত হয়ে তার দাফনের পরবর্তী দায়িত্ব নিয়েছি। ময়নাতদন্তের পর লাশের দাফন সম্পন্ন হবে।"
প্রতিনিধি/আরএইচ