মাগুরায় ইসলামী ব্যাংকের ঋণ খেলাপি ও চেক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইউসুফ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় মাগুরা সদর উপজেলার জুইতারা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
ইউসুফ আলী সদর উপজেলার সাজীরকান্দি গ্রামের মফিজউদ্দবনের ছেলে। সে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, মাগুরা শাখার একজন ঋণখেলাপি গ্রাহক।
ব্যাংক সূত্রে জানা গেছে, তার মালিকানাধীন ইউসুফ আলী মৎস্য খামারের কাছে ব্যাংকের প্রায় ৫৭ লাখ টাকা ঋণ বকেয়া রয়েছে। ঋণ গ্রহণের পর দীর্ঘদিন ধরে সে ব্যাংকের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বা লেনদেন রাখেননি বলে অভিযোগ রয়েছে।
ইউসুফ আলীর বিরুদ্ধে ২০২১ সালে একটি চেকের মামলা দায়ের করা হয়। ওই মামলায় ৪ লাখ টাকার একটি চেকের বিপরীতে অর্থ পরিশোধ না করার অভিযোগ ওঠে। মামলার বিচারিক কার্যক্রম শেষে চলতি বছরের ফেব্রুয়ারির দিকে আদালত তাকে এক বছরের সশ্রম সাজা প্রদান করেন।
রায় ঘোষণার পর থেকেই ইউসুফ আলী দীর্ঘদিন ধরে পলাতক ছিলো। তাকে গ্রেফতারে পুলিশ বিভিন্ন স্থানে খোঁজখবর চালাচ্ছিল। একপর্যায়ে শুক্রবার সন্ধ্যায় তার অবস্থান নিশ্চিত হওয়ার পর মাগুরা সদর ফাঁড়ির পুলিশ জুইতারা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এছাড়াও ইউসুফ আলীর বিরুদ্ধে ব্যাংকের অর্থঋণ সংক্রান্ত আরও কয়েকটি মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এসব মামলার বিষয়েও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
মাগুরা সদর থানার এএসআই মোস্তাফিজুর রহমান বলেন, চেকের মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ আলীকে জুইতারা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে থানায় সোপর্দ করা হয়েছে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সদর ফাঁড়ির পুলিশ সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ আলীকে গ্রেপ্তার করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
প্রতিনিধি/জেএ