নেপালে ‘শিকার’ সিনেমার শুটিং করতে গিয়ে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বৈরী আবহাওয়ার কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে যোগাযোগব্যবস্থা ব্যাহত হলেও শুটিং শেষ করে নিরাপদে বাংলাদেশে ফিরেছেন তিনি।
কামরুজ্জামান রোমানের পরিচালনায় নির্মিত ‘শিকার’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে অপু বিশ্বাসসহ বাংলাদেশ ও কলকাতার একাধিক শিল্পী নেপালে যান। পাহাড়ি অঞ্চলে শুটিং চলাকালে হঠাৎ বৈরী আবহাওয়া দেখা দিলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। পরে দ্রুত শুটিং শেষ করে দেশে ফেরার সিদ্ধান্ত নেয় সিনেমাটির টিম।
শুক্রবার (২৮ আগস্ট) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অপু বিশ্বাস।
তিনি বলেন, পুরো টিম নিরাপদেই ছিল। তবে একসঙ্গে সবাইকে নিয়ে দেশে ফেরার বিষয়টি কিছুটা চ্যালেঞ্জিং ছিল।
অভিনেত্রী আরও বলেন, নেপালে থাকা অবস্থায় আমরা বড় ধরনের কোনো সমস্যায় পড়িনি। শেষ পর্যন্ত নিরাপদে দেশে ফিরতে পারায় শান্তি লাগছে।
দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে অপু বিশ্বাস বলেন, এই দুর্যোগের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও কষ্টের। এমন পরিস্থিতি ভাষায় প্রকাশ করা কঠিন।
তিনি আরও বলেন, সত্যি বলতে, যারা এ ধরনের বড় ক্ষতির মুখোমুখি হয়েছেন, তারাই এর কষ্টটা সবচেয়ে ভালো বুঝতে পারবেন। আমরা নেপালিদের কথা নিজের কানে শুনেছি, তাদের আহাজারি দেখেছি। সেই দৃশ্য ও অনুভূতি কীভাবে ভাষায় প্রকাশ করব, তা সত্যিই আমার জানা নেই।
দেশবার্তা/একে