ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নের ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর থেকে ছেড়ে আসা জে.আর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ভাঙ্গার দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। একই সঙ্গে ট্রাকটিও সড়কের ওপর উল্টে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। তারা বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এদিকে দুর্ঘটনার কারণে ঢাকা-বরিশাল মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রতিনিধি/আরএইচ