পূর্ব সুন্দরবনে গত চার দিন ধরে টেলিটকের মোবাইল নেটওয়ার্ক বিপর্যয়ের কারণে মোবাইল যোগাযোগ পুরোপুরি বন্ধ রয়েছে। কটকা পর্যটন কেন্দ্রের টেলিটক টাওয়ারের দুটি জেনারেটর বিকল হয়ে যাওয়ায় সুন্দরবনের তিনটি স্থানে টেলিটক টাওয়ার অকার্যকর হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন পর্যটক, মৎস্যজীবী ও বনরক্ষীরা।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার তানভীর ইমরান জানান, গত সোমবার (৩১ আগস্ট) কটকায় অবস্থিত টেলিটক টাওয়ারের দুটি জেনারেটর হঠাৎ বিকল হয়ে যায়। এর ফলে সুন্দরবনের কটকা, দুবলার আলোরকোল ও অফিস এলাকায় থাকা টেলিটকের টাওয়ারগুলো অকার্যকর হয়ে পড়ে এবং সুন্দরবনের বাইরে মোবাইল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
নেটওয়ার্ক বিপর্যয়ের কারণে তিন মাসের নিষেধাজ্ঞা শেষে কটকাসহ সুন্দরবনে ভ্রমণে আসা পর্যটকেরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। পাশাপাশি সাগরে মাছ ধরতে যাওয়া জেলে, মৎস্যজীবী এবং বন বিভাগের অভ্যন্তরীণ যোগাযোগও ব্যাহত হচ্ছে।
বন কর্মকর্তা ও পর্যটনসংশ্লিষ্টরা জানান, সুন্দরবনের দুর্গম এলাকাগুলোতে বারবার নেটওয়ার্ক বিপর্যয়ের ঘটনা ঘটছে। এ সমস্যা সমাধানে বিকল্প বিদ্যুৎ সরবরাহ এবং নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।
সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘গত তিন ধরে সুন্দরবনে টেলিটকের নেটওয়ার্ক বিপর্যয়ের কারণে মোবাইল যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কিছুদিন পর পর সুন্দরবনে টেলিটকের এভাবে নেটওয়ার্ক বিপর্যয় ঘটে বলে ডিএফও জানান।’
টেলিটকের খুলনা বিভাগীয় ইনচার্জ মো. নূর আলম বলেন, ‘কটকায় টেলিটক টাওয়ারের দুটি জেনারেটর একসাথে বন্ধ হয়ে যাওয়ায় টেলিযোগাযোগ বন্ধ হয়ে গেছে। জরুরি ভিত্তিতে জেনারেটর মেরামত করার জন্য কটকায় লোক পাঠানো হয়েছে। ২/১ দিনের মধ্যে টেলিযোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়ে যাবে বলে এই ইনচার্জ জানিয়েছেন।’
প্রতিনিধি/একে