রাশিয়ার ককেশাস পর্বতমালায় ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
সোমবার কাবারদিনো-বালকারিয়া অঞ্চলের বেজেঙ্গি গিরিখাতে পাহাড়ের ঢাল বেয়ে তুষার ও বরফের বিশাল স্তর নিচে নেমে আসে। ওই সময় সেখানে ৩৩ জন পর্বতারোহী অবস্থান করছিলেন।
তুষারধসের ঘটনাটি ক্যামেরায় ধারণ করা হয়। পরে এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, পরিষ্কার আকাশের নিচে পাহাড়ের ঢাল বেয়ে বিপুল পরিমাণ তুষার ও বরফ দ্রুত নিচের দিকে নেমে আসছে।
ঘটনার পর নিখোঁজদের সন্ধানে ব্যাপক উদ্ধার অভিযান শুরু হয়েছে। কয়েক ডজন উদ্ধারকর্মী তল্লাশি চালাচ্ছেন। উদ্ধারকাজে হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে।
তুষারধসের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তদন্তকারীদের ধারণা, পাহাড়ের ওপর ঝুলে থাকা একটি হিমবাহ ধসে পড়ার কারণে তুষারধসের সূত্রপাত হয়ে থাকতে পারে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ ছয়জনের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
দেশবার্তা/এমআর