দেবী দুর্গার ১০ হাতের বদলে ১১ হাত দেখিয়ে সরকারি বিজ্ঞাপন প্রকাশের ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সোমবার (৭ সেপ্টেম্বর) কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত সমন্বয় সভায় তিনি এ নিয়ে দুঃখ প্রকাশ করেন।
শুভেন্দু বলেন, ‘সবার আগে মুখ্যমন্ত্রী হিসেবে আমি এই ভুল বিজ্ঞাপনের জন্য সবার কাছে ক্ষমা চাইছি।’ বিজ্ঞাপনটি তৈরির সঙ্গে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের বিষয়ে আরও সতর্ক থাকার কথা জানান তিনি।
দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে আয়োজিত ওই সমন্বয় সভাটি ছিল রাজ্যে সরকার পরিবর্তনের পর প্রথম দুর্গাপূজা উপলক্ষে এ ধরনের আয়োজন। সভার প্রচারমূলক বিজ্ঞাপনে দেবী দুর্গার ছবিতে ১০টির পরিবর্তে ১১টি হাত দেখা যায়। তবে সভাস্থলের পেছনে টানানো বড় ব্যানারে দুর্গার ছবিতে ১০টি হাতই ছিল।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস (টিএমসি) তীব্র সমালোচনা করে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দলটি প্রশ্ন তোলে, বিজেপি সরকারের বিজ্ঞাপনে তাহলে দেবী দুর্গার ১১টি হাত দেখানো হলো কেন।
টিএমসি নেতা কুণাল ঘোষ বলেন, ধর্মীয় শাস্ত্র অনুযায়ী দেবী দুর্গার ১০টি হাত। ভুলটি দ্রুত সংশোধনের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। দলটির আরেক নেতা ও বিধায়ক মদন মিত্রও বিষয়টি নিয়ে আপত্তি জানান।
অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ঘটনাটিকে রাজনৈতিক ইস্যু না করার আহ্বান জানিয়েছেন। তাঁর দাবি, বিজ্ঞাপন তৈরির দায়িত্বে থাকা সংস্থার ভুলেই এমনটি হয়েছে এবং তা সংশোধন করা হবে।
তিনি বিষয়টি নিয়ে রসিকতা করে বলেন, এর মাধ্যমে শুধু বোঝা যায় মা দুর্গা আরও শক্তিশালী হয়েছেন।
দেশবার্তা/এমআর