প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৫ পিএম

দুর্গাপূজা উপলক্ষে মহাষ্টমীর দিন পশ্চিমবঙ্গের সব ধরনের মদের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই দিন বার ও রেস্তোরাঁয়ও মদ বিক্রি করা যাবে না।
দুর্গাপূজা সামনে রেখে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন এলাকার বড় ও ছোট পূজা কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন মুখ্যমন্ত্রী।
শুভেন্দু অধিকারী বলেন, দুর্গাপূজার সঙ্গে মানুষের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য জড়িয়ে রয়েছে। তাই এমন কোনো কর্মকাণ্ড করা উচিত নয়, যাতে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। মহাষ্টমীর দিন মানুষ পুষ্পাঞ্জলি দেন। এ দিনের ধর্মীয় তাৎপর্যের প্রতি সম্মান জানাতেই মদ বিক্রিতে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বড় পূজায় অনুদান নয়
এবার বড় বাজেটের পূজা কমিটিগুলোকে সরকারি অনুদান না দেওয়ার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে যেসব ছোট বাজেটের পূজা কমিটি সরকারি সহায়তা ছাড়া পূজা আয়োজন করতে পারবে না, তাদের এক লাখ রুপি করে অনুদান দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী বলেন, শহরাঞ্চলে বড় পূজা আয়োজনে প্রায় ১০ লাখ রুপি বা তারও বেশি খরচ হয়। গ্রামীণ এলাকাতেও ভালো আয়োজন করতে কয়েক লাখ রুপি প্রয়োজন হয়। বড় বাজেটের পূজা কমিটিগুলোকে বিজ্ঞাপনসহ অন্যান্য উৎস থেকে অর্থ সংগ্রহের আহ্বান জানান তিনি।
সরকারি অনুদান না নেওয়া পূজা কমিটিগুলোকে বিশেষভাবে ধন্যবাদও জানান মুখ্যমন্ত্রী।
থিম পূজায় বিধিনিষেধ
থিমভিত্তিক পূজা আয়োজনের ক্ষেত্রেও নির্দেশনা দেওয়া হয়েছে। থিম পূজা করা গেলেও এমন কোনো বিষয় বা উপস্থাপনা করা যাবে না, যাতে কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে।
ছোট বাজেটের পূজা কমিটিগুলোকে সরকারি অনুদানের জন্য স্থানীয় থানার মাধ্যমে আবেদন করতে হবে। পরে স্থানীয় প্রশাসনের যাচাই শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে অনুদান দেওয়ার ব্যবস্থা করা হবে।
এ ছাড়া রাস্তা বা জাতীয় সড়ক বন্ধ করে কোনো পূজা আয়োজন করা যাবে না বলেও নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
মহাষ্টমীতে মদ বিক্রিতে নিষেধাজ্ঞা, বড় পূজা কমিটিকে সরকারি অনুদান না দেওয়া এবং থিম পূজায় বিধিনিষেধ—এ তিন সিদ্ধান্তকে ঘিরে পশ্চিমবঙ্গে এবারের দুর্গাপূজার আয়োজন নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।
দেশবার্তা/এমআর