পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার মানুষের সুবিধার্থে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
খাগড়াছড়ি রিজিয়ন ও জেলা সদর হাসপাতালের যৌথ উদ্যোগে শনিবার অনুষ্ঠিত এই দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পে মোট ৮৬১ জন রোগীকে সেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়।
সেনাবাহিনী পরিচালিত এই সেবামূলক কার্যক্রমে সার্জারি, মেডিসিন, চর্মরোগ, স্ত্রীরোগ ও চক্ষু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ সেবা প্রদান করেন। রোগীদের সুবিধার্থে চিকিৎসাসেবার পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।
ভৌগোলিক সীমাবদ্ধতা ও যাতায়াত ব্যবস্থার জটিলতার কারণে যেসব দুর্গম এলাকার বাসিন্দাদের পক্ষে শহরে এসে চিকিৎসা নেওয়া কঠিন, তাঁদের জন্য বিশেষ উদ্যোগ নেয় সেনাবাহিনী। খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বিভিন্ন জোনের ব্যবস্থাপনায় প্রত্যন্ত অঞ্চল থেকে রোগীদের সদর হাসপাতালে যাতায়াতের সুব্যবস্থা করা হয়।
পার্বত্য অঞ্চলে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা ও সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘ দিন ধরেই এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কাজ পরিচালনা করে আসছে।
সাধারণ মানুষের সুবিধার্থে ভবিষ্যতেও এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
দেশবার্তা/একে