চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক দুটি অভিযানে একটি ভারতীয় ট্রাকসহ ৭০৮ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ ও ৫টি বেনারসি শাড়ি এবং ১৩৫টি ভারতীয় বিভিন্ন মডেলের চোরাই মোবাইল ফোন ও একটি ইজিবাইক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব মালামালের আনুমানিক সিজারমূল্য ৩ কোটি ৬ লাখ ৯৪ হাজার টাকা।
গত বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর সহকারী পরিচালক সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি চৌকষ টহলদল সীমান্ত পিলার ১৮৪/২-এস হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সীমান্তবর্তী মুসলিমপুর এলাকায় শাহাবাজপুর কলেজের সম্মুখস্থ পাকা সড়কে অভিযান পরিচালনা করে।
এ সময় বিজিবি টহলদল একটি ভারতীয় ট্রাক (রেজিস্ট্রেশন নম্বরবিহীন) দেখতে পেয়ে পেছন থেকে ধাওয়া করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাকের চালক ট্রাকটি সড়কে থামিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা ট্রাকটি তল্লাশি করে পাথরের মধ্যে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৭০৮ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ ও ৫টি বেনারসি শাড়ি উদ্ধার করে। একই সঙ্গে ট্রাকটি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের সিজারমূল্য ২ কোটি ৫৭ লাখ ৭৯ হাজার টাকা।
অপরদিকে, আজ (১৭ সেপ্টেম্বর) সকালে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধীনস্থ খড়কপুর বিওপির নায়েব সুবেদার মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২০১/৮৩-এস হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার সীমান্তবর্তী আলীমোড় এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় ভোলাহাট থেকে রহনপুরগামী একটি ইজিবাইককে থামার সংকেত দিলে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে চালক আনুমানিক ১০০ গজ দূরে ইজিবাইকটি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ইজিবাইকটি তল্লাশি করে ভারতীয় বিভিন্ন মডেলের ১৩৫টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করে এবং ইজিবাইকটি জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য ৪৯ লাখ ১৫ হাজার টাকা।
জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দেশবার্তা/আরএইচ