দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশকে এগিয়ে নেবে। তাই ভালোভাবে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণাবলি অর্জন করে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।
তিনি বলেন, বিগত সরকারের আমলে শিক্ষা ব্যবস্থা ও মেধাকে ধ্বংস করা হয়েছিল। শিক্ষার মান বাড়াতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন ও আধুনিকায়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি ও যুগোপযোগী কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিনাজপুর জিলা স্কুলের অডিটোরিয়ামে এসএসসি ২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৭৩ শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, শুধু পরীক্ষায় ভালো ফল বা জিপিএ-৫ অর্জন করলেই জীবন সার্থক হয় না। প্রতিটি শিক্ষার্থীকে মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। পুথিগত বিদ্যার পাশাপাশি সততা, মূল্যবোধ ও নৈতিকতার শিক্ষা অর্জন করাও জরুরি।
তিনি আরও বলেন, ভালোভাবে পড়াশোনা করতে হবে এবং মাদক থেকে দূরে থাকতে হবে। মাদকমুক্ত থাকতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
দিনাজপুর জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফরোজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার খন্দকার মো. আলাউদ্দীন আল আজাদ, দিনাজপুর জিলা স্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাশেম, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. দুররুল আনাম সিদ্দিকী এবং দিনাজপুর জিলা স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক মো. সাইফুদ্দীন।
এ ছাড়া বক্তব্য দেন দিনাজপুর জিলা স্কুলের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম ও আব্দুল হাই এবং কৃতী শিক্ষার্থী হিরণ, সাহেলসহ অন্যরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন দিনাজপুর জিলা স্কুলের শিক্ষার্থী ইশান ও কল্প। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
আলোচনা শেষে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক দেওয়া হয়। অনুষ্ঠানে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
প্রতিনিধি/আরএইচ