পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের অভয়ারণ্য এলাকায় ঢুকে মাছ ধরার অপরাধে পাঁচ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে শরণখোলা রেঞ্জের শ্যালারচর টহল ফাঁড়ির আওতাধীন নিষিদ্ধ আদানি গুরগুরিয়া খালে মাছ ধরার সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি নৌকা ও বিভিন্ন প্রজাতির আড়াই মণ মাছ জব্দ করা হয়েছে।
আটক জেলেরা হলেন খুলনা জেলার পাইকগাছা উপজেলার বেকটমারী গ্রামের সোহরাব হোসেন গাজী (৫৮), আ. সালাম (৩৫), কদম আলী (৪০), জহুরুল হক সরদার (৪৫) ও আবু বক্কর (৫০)।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মো. খলিলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্যালারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা নিষিদ্ধ আদানি গুরগুরিয়া খালে অভিযান চালান। এ সময় জেলেদের দেখতে পেয়ে বনরক্ষীরা এগিয়ে গিয়ে পাঁচজনকে আটক করেন। পরে ঘটনাস্থল থেকে তাদের দুটি নৌকা ও বিভিন্ন প্রজাতির আড়াই মণ মাছ জব্দ করা হয়।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। অভয়ারণ্য এলাকায় যাতে কোনো জেলে মাছ ধরতে না পারে, সে বিষয়ে বনরক্ষীদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
দেশবার্তা/আরএইচ