দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৬ পিএম
⏲
দ্বিতীয় সন্তানের মা হয়েছেন হলিউডের জনপ্রিয় ব্রিটিশ অভিনেত্রী মিলি ববি ব্রাউন। ২১ বছর বয়সে এক কন্যাসন্তান দত্তক নিয়ে প্রথমবার মাতৃত্বের অভিজ্ঞতা অর্জন করেছিলেন তিনি। এবার ২২ বছর বয়সে এসে তাঁর ও স্বামী জেক বনজোভির সংসারে আগমন ঘটেছে এক পুত্রসন্তানের।
সামাজিক যোগাযোগমাধ্যমে সদ্যোজাত সন্তানের একটি ছবি শেয়ার করে জীবনের এই আনন্দঘন মুহূর্তটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত এই তারকা।
ছবিতে দেখা যায়, নবজাতকের মিষ্টি এক চিলতে হাতের পাশে মিলির আঙুলে শোভা পাচ্ছে ‘মম’ (মা) লেখা একটি বিশেষ আংটি। ক্যাপশনে মিলি লেখেন, ‘হাই, ছোট্ট বন্ধু!’
ছবি: সংগৃহীত।
ব্যক্তিগত জীবন প্রচারের আলো থেকে দূরে রাখতে পছন্দ করেন ২২ বছর বয়সী মিলি ও ২৪ বছর বয়সী জেক বনজোভি দম্পতি। ২০২৫ সালের আগস্টে প্রথম কন্যাসন্তান দত্তক নেওয়ার পর হঠাৎ করেই এই পুত্রসন্তানের আগমনের ঘোষণা অনুরাগী ও নেটিজেনদের জন্য দারুণ চমক হয়ে এসেছে। এর মাধ্যমে চার সদস্যের পূর্ণতা পেল তাঁদের পরিবার।
২০২১ সাল থেকে মিলি ও জেকের প্রেমের গুঞ্জন শুরু হলেও ২০২৪ সালে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। চলতি বছরের জুন মাসে কাইলি কেলসির পডকাস্ট ‘নট গনা লাই’তে নিজের ভাবনার কথা জানাতে গিয়ে অভিনেত্রী বলেছিলেন, তিনি ভবিষ্যতে আরও সন্তান দত্তক নিতে চান। সমাজকর্মী হওয়ার লক্ষ্যে পড়াশোনা করার সময় থেকেই দত্তক নেওয়ার আইনি ও সামাজিক প্রক্রিয়া নিয়ে বিস্তারিত জ্ঞান অর্জন করেছিলেন তিনি। সন্তান দত্তক নেওয়া তাঁর ভবিষ্যৎ জীবন পরিকল্পনারই একটি অংশ বলে উল্লেখ করেন মিলি।
উল্লেখ্য, নেটফ্লিক্সের বিশ্বজুড়ে আলোচিত সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এ ‘ইলেভেন’ চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন মিলি ববি ব্রাউন। সিরিজটির অনেক জ্যেষ্ঠ অভিনয়শিল্পীর চেয়েও বেশি পারিশ্রমিক নিয়ে সে সময় তিনি আলোচনায় আসেন। বর্তমানে ব্রিটিশ ফিল্ম ইন্ডাস্ট্রির সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকাদের তালিকায় অন্যতম এই অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে জনপ্রিয় সিনেমা ‘এনোলা হোমস ৩’-এ।