সাতক্ষীরার তালা উপজেলায় ‘তালা সার্জিক্যাল ক্লিনিক’ নামে একটি বেসরকারি হাসপাতালে ভুল অস্ত্রোপচারে সাধন বিশ্বাস (৩৫) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। ভুল চিকিৎসা ও অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনেরা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে সাধনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ স্বজন ও স্থানীয় লোকজন ক্লিনিকটির সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত সাধন বিশ্বাস খুলনা জেলার পাইকগাছা উপজেলার মাহামুদকাটি গ্রামের কার্তিক বিশ্বাসের ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয়দের সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে তীব্র পেটব্যথা নিয়ে তালা সার্জিক্যাল ক্লিনিকে ভর্তি হন সাধন। সেখানে তার অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারটি করেন ডা. আব্দুর রহমান। চিকিৎসা শেষে তাকে বাড়িতে পাঠানো হলেও কয়েক দিন পর তার পেটে আবারও তীব্র ব্যথা শুরু হয়।
স্বজনদের অভিযোগ, প্রথম অস্ত্রোপচারে ভুল হয়েছে বিষয়টি বুঝতে পেরে ক্লিনিকের মালিক বিধান চন্দ্র রায় সাধনকে আবার ডেকে পাঠান। পরে চিকিৎসকের অনুপস্থিতিতে তিনি নিজেই দ্বিতীয়বার অস্ত্রোপচার করেন বলে অভিযোগ স্বজনদের।
এরপরও সাধনের শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকেরা তার শরীরে তৃতীয়বার অস্ত্রোপচার করেন। পরে শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাধন।
শুক্রবার রাতে নিহতের মরদেহ নিয়ে স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী খুলনা-পাইকগাছা সড়কের তালা বাজারসংলগ্ন তালা সার্জিক্যাল ক্লিনিকের সামনে অবস্থান নেন।
স্থানীয় বাসিন্দা জহর হোসেন সাগর বলেন, ভুল চিকিৎসায় সাধন বিশ্বাসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ ক্লিনিকের সামনে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা ক্লিনিক ভাঙচুরের চেষ্টা করেন। এ সময় ক্লিনিকের মালিক বিধান রায় উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পড়েন। খবর পেয়ে তালা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিকী বলেন, ‘রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ক্লিনিকের সামনে স্থানীয় লোকজন ও স্বজনেরা জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তবে পুলিশ সময়মতো পৌঁছানোয় কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি। বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
অভিযোগের বিষয়ে জানতে তালা সার্জিক্যাল ক্লিনিকের মালিক বিধান চন্দ্র রায়ের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
এ বিষয়ে সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আব্দুস সালামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানি না। লিখিত অভিযোগ পেলে তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’
প্রতিনিধি/আরএইচ