উন্নত প্রযুক্তির নামে বিদ্যুতের ডিজিটাল প্রিপেইড মিটারের মাধ্যমে গ্রাহকদের অতিরিক্ত ব্যয় ও হয়রানির শিকার হতে হচ্ছে—এমন অভিযোগ তুলে প্রিপেইড মিটার বাতিলের দাবি জানিয়েছেন বক্তারা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে গাইবান্ধা শহরের ডিবি রোডে গানাসাস মার্কেটের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। ডিজিটাল প্রিপেইড মিটার প্রতিরোধ কমিটি ও বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি, গাইবান্ধা জেলা শাখা এ সমাবেশের আয়োজন করে।
বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও জেলা শাখার আহ্বায়ক গোলাম রব্বানী মুসার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ, গাইবান্ধা পরিবেশ আন্দোলনের আহ্বায়ক ওয়াজিউর রহমান রাফেল, গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও নাগরিক নেতা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, জেলা সিপিবির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদজামান রব্বানী, কমিউনিস্ট নেতা রেবতী মোহন বর্মন, গাইবান্ধা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন, নাট্যকর্মী শাহ আলম বাবলু, জেলা উদীচীর সাধারণ সম্পাদক শিরিন আকতার, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মোহাম্মদ আলী প্রামাণিক, এ.কে.এম মনির হোসেন সুইট, কাজী আব্দুল খালেক, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট কুশলাশীষ চক্রবর্তী ও রবিদাস ফোরামের খিলন রবিদাস প্রমুখ।
সমাবেশ পরিচালনা করেন গাইবান্ধা বার অ্যাসোসিয়েশনের সদস্য অ্যাডভোকেট ফারুক কবীর।
বক্তারা বলেন, আধুনিক ও উন্নত প্রযুক্তির নামে বিদ্যুতের ডিজিটাল প্রিপেইড মিটার চালু করা হলেও এর অতিরিক্ত ব্যয় গ্রাহকদেরই বহন করতে হচ্ছে। পাশাপাশি বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন গ্রাহকেরা।
সমাবেশ থেকে গ্রাহক শোষণ ও হয়রানির অভিযোগ তুলে গণবিরোধী প্রিপেইড মিটার বাতিল, সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, বিদ্যুৎখাত বেসরকারিকরণের তৎপরতা বন্ধ, বিদ্যুৎ সংকটের জনবান্ধব সমাধান, বিদ্যুৎখাতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ এবং বিদ্যুৎ গ্রাহকদের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
প্রতিনিধি/আরএইচ