পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে ফেনী সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে সিরাত অলিম্পিয়াড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে কলেজের চার শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
রোববার (২০ সেপ্টেম্বর) কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান।
ইসলামী ছাত্রশিবিরের ফেনী সরকারি কলেজ শাখার সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় উচ্চশিক্ষা ও গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজ শাখার সেক্রেটারি তৌহিদুল ইসলাম মামুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের ফেনী শহর শাখার সভাপতি শফিকুল ইসলাম ও জেলা সভাপতি ইমাম হোসেন আরমান। স্বাগত বক্তব্য দেন সংগঠনের শহর শাখার মিডিয়া বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম পলাশ।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি আবদুল হান্নান বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে তরুণ প্রজন্মের মধ্যে চর্চা বাড়াতে হবে। তাঁর রেখে যাওয়া আদর্শ কিয়ামত পর্যন্ত মানুষের জন্য পথনির্দেশনা হিসেবে থাকবে।
তিনি আরও বলেন, আল্লাহর রাসুল (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে নিজেদের গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজেদের প্রস্তুত করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
প্রধান আলোচক ফখরুল ইসলাম বলেন, রাসুলুল্লাহ (সা.) যেভাবে মানুষকে জীবন পরিচালনার পথ দেখিয়েছেন, সেভাবেই নিজেদের জীবন সাজাতে হবে। এ জন্য পবিত্র কোরআন অধ্যয়ন ও রাসুলুল্লাহ (সা.)-এর জীবন সম্পর্কে লেখা বই পড়ার মাধ্যমে জ্ঞান অর্জনের ওপর গুরুত্ব দেন তিনি। শিক্ষার্থীদের আচার-আচরণ ও জীবনযাপনে রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান জানান তিনি।
অলিম্পিয়াডে অংশ নেওয়া চার শতাধিক শিক্ষার্থীর মধ্যে ৫০ জনকে পুরস্কৃত করা হয়। প্রথম পাঁচজনকে নগদ অর্থসহ পুরস্কার দেওয়া হয়। এছাড়া ৫০ জনের প্রত্যেককে ক্রেস্ট ও উপহারসামগ্রী দেওয়া হয়।
দেশবার্তা/এমআর