চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে দুজন নিহত হয়েছেন। রবিবার (২০ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব কাটগড় রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আবু তাহের (৫০) ও অটোরিকশাচালক আব্দুস শুক্কুর (৪০)। আবু তাহের কালিয়াইশ ইউনিয়নের ৬ নম্বর মাইঙ্গাপাড়া এলাকার আব্দুল মাবুদ ওরফে কানা মামুদের ছেলে। আর আব্দুস শুক্কুর ধর্মপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আবু তাহের পেশায় মুদিদোকানি। তিনি দোহাজারী থেকে বাজার করে ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পূর্ব কাটগড় রেলগেট এলাকায় পৌঁছালে অটোরিকশাটি অসাবধানতাবশত রেললাইনে উঠে যায়। এ সময় কক্সবাজার থেকে আসা একটি ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দেয়।
এতে আবু তাহের ঘটনাস্থলেই নিহত হন। অটোরিকশাচালক আব্দুস শুক্কুর গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম ছিদ্দিকী বলেন, রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়রা নিরাপত্তার দাবিতে একটি ট্রেন আটকে রেখেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
দেশবার্তা/এমআর