বসুন্ধরা স্পোর্টস সিটিতে দেশের শীর্ষস্থানীয় দুটি সামাজিক সংগঠন গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের সদস্য ও খেলোয়াড়দের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে প্যাডেল টেনিস, ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস, টেনিস, স্কোয়াশ ও ব্যাডমিন্টনসহ একাধিক খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি চলাকালে বসুন্ধরা স্পোর্টস সিটির প্যাডেল ও ফুটসাল কোর্টে একই সঙ্গে বিভিন্ন ইভেন্টের খেলা পরিচালিত হওয়ায় ক্রীড়াঙ্গনজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিযোগিতায় দুই ক্লাবের অ্যাথলেটদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা পরিলক্ষিত হলেও পুরো আয়োজনটি অনুষ্ঠিত হয়েছে সৌহার্দ্য ও প্রাতিষ্ঠানিক বন্ধুত্বের আবহে।
প্রতিযোগিতার প্যাডেল টেনিস ইভেন্টে চমৎকার পারফরম্যান্স দেখিয়ে চট্টগ্রাম ক্লাবকে ১১-১ পয়েন্টের বড় ব্যবধানে পরাজিত করে গুলশান ক্লাব।
অন্যদিকে, ফুটবলের উত্তেজনাপূর্ণ ম্যাচে গুলশান ক্লাবের পক্ষে ইশমাম এবং চট্টগ্রাম ক্লাবের পক্ষে সাগর গোল করে নিজ নিজ দলকে এগিয়ে নেন। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতায় অখণ্ড থেকে ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হয়। তবে বৃষ্টির কারণে টুর্নামেন্টের পূর্বনির্ধারিত ক্রিকেট ম্যাচটি পরিচালনা করা সম্ভব না হওয়ায় তা ড্র হিসেবে ঘোষণা করা হয়েছে।
একই ভেন্যুতে বৈচিত্র্যময় খেলাধুলার এ সফল আয়োজন বাণিজ্যিক ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর জন্য বহুমাত্রিক ক্রীড়া কার্যক্রম আয়োজনের সম্ভাবনা তৈরি করেছে। ভবিষ্যতে বিভিন্ন সামাজিক ক্লাব, কর্পোরেট প্রতিষ্ঠান ও ক্রীড়াপ্রেমীদের একক প্ল্যাটফর্মে এনে একটি টেকসই ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার ধারা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে বসুন্ধরা স্পোর্টস সিটি কর্তৃপক্ষ।
দেশবার্তা/একে