জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘ দুই বছর ধরে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নিজ বাসায় অবস্থান করছেন এবং জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন বলে জানিয়েছেন দেশের খ্যাতিমান গীতিকার কবির বকুল। সম্প্রতি তার মস্তিষ্কে অস্ত্রোপচার (ব্রেন সার্জারি) সম্পন্ন হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইবরার টিপুর বর্তমান শারীরিক অবস্থার কথা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কবির বকুল।
পোস্টে তিনি লিখেছেন, আমার ভাই, আমাদের সবার প্রিয় সংগীত পরিচালক ইবরার টিপু খুব অসুস্থ। গত প্রায় দুই বছর ধরে কিডনি ক্যানসারের সাথে লড়ছেন, যুক্তরাষ্ট্রে চিকিৎসা চলছে। কিছুদিন আগে তার ব্রেইন সার্জারিও হয়েছে। বেশ অনেক দিন হাসপাতালে থাকার পর এখন তিনি বাসায় ফিরেছেন।
ইবরার টিপুর স্ত্রী সংগীতশিল্পী বিন্দু কণার বরাত দিয়ে কবির বকুল জানান, হাসপাতালে যথাযথ চিকিৎসা না হওয়ার আশঙ্কায় তাকে অনেকটা জোর করেই বাসায় নিয়ে এসেছে পরিবার। সম্প্রতি ভিডিও কলের মাধ্যমে ইবরার টিপুর সঙ্গে কথা বলার সুযোগ হয় দিনাত জাহান মুন্নীর মাধ্যমে।
সেই অনুভূতির কথা উল্লেখ করে কবির বকুল লেখেন, অসুস্থ শরীর নিয়ে তিনি এসেছিলেন আমাদের নিউইয়র্কের বাসায়। আজ অনেক দিন পর ইবরার টিপুর সাথে কথা হলো। মানুষটা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন। এই অবস্থায়ও চোখে-মুখে সেই পরিচিত মায়া। দূরে আছি, কিছুই করতে পারছি না, ভেতরটা ভেঙে যাচ্ছে।
বাংলাদেশের সংগীতজগতে ইবরার টিপুর অনেক অবদান রয়েছে। তার সুর ও সংগীতায়োজনে অসংখ্য শ্রোতাপ্রিয় গান তৈরি হয়েছে। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না’, ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে’ এবং ‘বেশ বেশ বেশ, সাবাস বাংলাদেশ’।
সহকর্মী ও গুণী এই শিল্পীর অসুস্থতায় গভীর বেদনা প্রকাশ করে দেশবাসীর কাছে তার দ্রুত রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন কবির বকুল।
দেশবার্তা/একে