অভিনয়, নির্মাণ ও লেখালেখি-নানা পরিচয়ে নিজেকে মেলে ধরেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী তারকা কুসুম শিকদার। তবে অভিনয়ের পাশাপাশি সংগীতশিল্পী হিসেবেও রয়েছে তাঁর পরিচিতি। দীর্ঘ ৯ বছরের দীর্ঘ বিরতি পেরিয়ে আবার নতুন মৌলিক গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হলেন তিনি।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে প্রকাশিত হয়েছে তাঁর নতুন গান ‘প্রবল ঘোর’। গানটি কুসুম শিকদারের নিজস্ব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে উন্মুক্ত করা হয়।
‘প্রবল ঘোর’ গানটির গীতিকার কুসুম শিকদার নিজেই। এর সুর ও সংগীতোচ্ছাস করেছেন মাহমুদ সানী। গানটির কথা ২০২০ সালে করোনাকালের শুরুতে লেখা হয়েছিল এবং সেই সময়েই রেকর্ডিং সম্পন্ন হয়। পরবর্তী সময়ে মিউজিক ভিডিও নির্মাণ বিলম্বিত হওয়ায় প্রকাশে সময় লাগে। চলতি বছরের জুনে কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে প্রহর ডাঙ্গা পিকচার্সের ব্যানারে গানটির ভিডিওর শুটিং সম্পন্ন হয়।
মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন নকুল সরকার। এতে কুসুম শিকদারের পাশাপাশি মডেল হিসেবে দেখা গেছে শের শাহ রাসেলকে। এর আগে কুসুমের গাওয়া রবীন্দ্রসংগীত ‘তুমি কোন কাননের ফুল’-এর ভিডিওচিত্রও নির্মাণ করেছিলেন নকুল সরকার।
এর আগে ২০১৭ সালে ‘নেশা’ শিরোনামে সর্বশেষ মৌলিক গান প্রকাশ করেছিলেন কুসুম। সেই হিসেবে ৯ বছর পর নতুন গান নিয়ে ফিরলেন তিনি।
নতুন গান প্রসঙ্গে কুসুম শিকদার বলেন, করোনাকালে গানটি রেকর্ড করা হয়েছিল। মাঝে নিজের প্রথম সিনেমা নিয়ে ব্যস্ত থাকায় কাজটির প্রকাশ থমকে ছিল। তবে দর্শক প্রায়ই নতুন গানের কথা জানতে চান। সেই তাগিদ ও আবদার থেকেই অবশেষে গানটি প্রকাশ করলাম। এখনো কোথাও গেলে অনেকে ‘নেশা’ গানের কথা বলেন এবং নতুন কাজের উৎসাহ দেন।
ক্যারিয়ারের শুরুতে গানে আত্মপ্রকাশ করলেও পরবর্তীতে অভিনয়েই ব্যস্ত হয়ে পড়েন কুসুম। সম্প্রতি ‘শরতের জবা’ চলচ্চিত্র দিয়ে পরিচালক হিসেবে তাঁর অভিষেক ঘটে, যা দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায়। বর্তমানে নিজের দ্বিতীয় সিনেমার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী। সব ঠিক থাকলে আগামী বছরের শুরুর দিকেই নতুন সিনেমার শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে তাঁর।
দেশবার্তা/একে