ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের জন্মদিন আজ রোববার (১১ অক্টোবর)। বিশেষ এই দিনে মাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে তার একমাত্র ছেলে আব্রাম খান জয়। জন্মদিনের প্রথম প্রহরে মায়ের সঙ্গে কেক কাটার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ শুভেচ্ছা জানিয়েছে সে।
ছেলের সেই ভালোবাসাভরা বার্তা ঘিরে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন মুহূর্ত তৈরি হয়েছে। ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে জয় লিখেছে, ‘হ্যাপি বার্থডে, মাই প্রিন্সেস মমি।’
বার্তার সঙ্গে ভালোবাসার ইমোজিও জুড়ে দিয়েছে সে। ছোট্ট এই শুভেচ্ছাবার্তায় মায়ের প্রতি সন্তানের গভীর ভালোবাসার প্রকাশ ঘটেছে।
১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়ায় জন্মগ্রহণ করেন অপু বিশ্বাস। ছোটবেলা থেকেই নাচের প্রতি বিশেষ আগ্রহ ছিল তার। নাচ শেখার সুবাদেই একসময় রূপালি পর্দায় পা রাখেন তিনি। ২০০৫ সালে বরেণ্য নির্মাতা আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার।
এর পরের বছর এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে দেশজুড়ে ব্যাপক পরিচিতি পান অপু বিশ্বাস। এতে চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি। দীর্ঘ অভিনয়জীবনে ‘চাচ্চু’, ‘দাদীমা’, ‘আমার জান আমার প্রাণ’, ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’, ‘মনে প্রাণে আছো তুমি’, ‘মায়ের হাতে বেহেশতের চাবি’, ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘নিঃশ্বাস আমার তুমি’ ও ‘কোটি টাকার প্রেম’-এর মতো বেশ কিছু ব্যবসাসফল ও আলোচিত সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।
অভিনয়ের পাশাপাশি সম্প্রতি প্রযোজনাতেও নাম লিখিয়েছেন তিনি; ‘লাল শাড়ি’ সিনেমা নির্মাণের মাধ্যমে প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন অপু বিশ্বাস।
দেশবার্তা/একে