চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় দুর্বৃত্তদের অতর্কিত গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় তাফসির আলম শাওন (২২) নামের অপর এক যুবক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর এলাকায় সাদ্দামের কার্যালয়ের সামনে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে।
নিহত তারেক হোসেন বাপ্পি সীতাকুণ্ডের মধ্যম মাহদাবাদ এলাকার কুরবান আলীর বাড়ির বাসিন্দা। তার বাবার নাম মৃত আলী আহমদ এবং মায়ের নাম জমিলা খাতুন। আহত তাফসির আলম শাওন একই থানার বাড়বকুণ্ডের অলিনগর এলাকার ইউসুফের নতুন বাড়ির বাসিন্দা। তার বাবার নাম ইউসুফ।
স্বজনদের বরাতে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, উপজেলার অলিনগরে সাদ্দামের অফিসের সামনে এলাকার কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালালে দুজনেই গুলিবিদ্ধ হন। পরবর্তীতে তাদেরকে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তারেক হোসেন বাপ্পিকে মৃত ঘোষণা করেন। অপর আহত তাফসির আলম শাওনকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
প্রতিনিধি/আরএইচ