চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের সভাপতিত্বে প্রথম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কেউ এতে অংশ নেননি।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় অনলাইন মাধ্যমে অনুষ্ঠিত ১৪৫তম জরুরি সিন্ডিকেট সভায় উপাচার্যসহ মোট ছয়জন সদস্য যুক্ত হন। দীর্ঘদিন ধরে চলা অচলাবস্থার মধ্যে এ সভা অনুষ্ঠিত হলেও শিক্ষা কার্যক্রম কবে স্বাভাবিক হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।
সিন্ডিকেট সভা সূত্রে জানা গেছে, সভায় উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুল হক পাটোয়ারী, গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (অব.) খান আতাউর রহমান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদুর রহমান এবং চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরী অংশ নেন।
সভায় অংশ নেওয়া সিন্ডিকেট সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাহিদুর রহমান বলেন, উপাচার্য ছাড়া চুয়েটের অন্য কোনো শিক্ষক সদস্য (ছয়জন) সভায় ছিলেন না। সভার বিষয়ে উপাচার্য নিজেই জানাবেন বলে তিনি বিস্তারিত বলতে চাননি।
চুয়েটের সিন্ডিকেটে উপাচার্যসহ মোট সদস্যপদ ১৫টি। তবে সহ-উপাচার্য ও রেজিস্ট্রারের পদ শূন্য রয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক উপস্থিত না থাকায় সিন্ডিকেটের অভ্যন্তরীণ প্রতিনিধিত্ব নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।
সভার সিদ্ধান্ত জানতে উপাচার্যের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠালেও সাড়া দেননি। ফলে ক্লাস-পরীক্ষা চালু কিংবা অচলাবস্থা নিরসনে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। আজ ছিল শিক্ষার্থীদের সর্বাত্মক শাটডাউনের ২৫তম দিন। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি এবং অসহযোগ কর্মসূচিও চলছে।
প্রতিনিধি/আরএইচ