ইঞ্জিন-সংকটের কারণে নির্ধারিত সময়ে চট্টগ্রাম স্টেশন ছাড়তে পারেনি সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস। প্রায় তিন ঘণ্টা বিলম্বে ট্রেন ছাড়ায় স্টেশন মাস্টারের কক্ষের সামনে ও প্ল্যাটফর্মে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ যাত্রীরা। বুধবার সকাল ৭টা ৫০ মিনিটে ট্রেনটির চট্টগ্রাম স্টেশন ছাড়ার কথা ছিল। তবে এটি সকাল ১০টা ৫০ মিনিটে যাত্রা শুরু করে।
জানা গেছে, নির্ধারিত সময়ে চট্রগ্রাম ছেড়ে না যাওয়ায় রেলস্টেশনে বিক্ষোভ করেছেন ট্রেনটির যাত্রীরা। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে স্টেশনমাস্টারের কক্ষের সামনে বিক্ষোভ শুরু করেন তারা। পরবর্তীতে প্রায় তিন ঘণ্টা বিলম্বের পর সকাল ১০টা ৫০ মিনিটে ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশে রওয়ানা দিয়েছে।
যাত্রীদের অভিযোগ, পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন খুলে অন্য একটি ট্রেনে সংযুক্ত করা হয়েছিল। এ কারণে নির্ধারিত সময়ে ট্রেনটি ছাড়তে পারেনি। এতে কয়েকশ যাত্রীকে দীর্ঘ সময় প্ল্যাটফর্মে অপেক্ষা করতে হয়।
চট্টগ্রাম রেলস্টেশনের মাস্টার আবু জাফর মজুমদার জানান, সিলেট থেকে ছেড়ে আসা একটি ট্রেন চট্টগ্রামে পৌঁছানোর কথা ছিল ভোর ৫টা ৩৫ মিনিটে। তবে প্রায় দুই ঘণ্টা দেরিতে ট্রেনটি পৌঁছানোর কারণে চট্টগ্রাম থেকে ছেড়ে যেতেও দেরি হয়েছে।
দেশবার্তা/জেএ