আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় প্রকাশ করা হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা ঘরে বসেই মুঠোফোন কিংবা কম্পিউটারের মাধ্যমে নিজেদের ফল জানতে পারবেন। এ জন্য শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটের পাশাপাশি খুদে বার্তার সুবিধাও রাখা হয়েছে।
ফল প্রকাশের দিন একসঙ্গে বিপুলসংখ্যক শিক্ষার্থী ওয়েবসাইটে প্রবেশ করায় অনেক সময় সার্ভারে অতিরিক্ত চাপ তৈরি হয়। ফলে ফল দেখতে দেরি হতে পারে। এমন পরিস্থিতিতে বিকল্প পদ্ধতি জানা থাকলে সহজেই ফল সংগ্রহ করা সম্ভব।
সরকারি ওয়েবসাইটে ফল দেখার নিয়ম :
শিক্ষা বোর্ডের সরকারি ওয়েবসাইট থেকে বিনা খরচে এইচএসসির ফল দেখা যাবে। এ জন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।
প্রথমে https://www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর পরীক্ষার ধরন হিসেবে এইচএসসি বা আলিম নির্বাচন করতে হবে। শিক্ষাবর্ষ ২০২৬ এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নাম বেছে নিতে হবে।
পরবর্তী ধাপে পরীক্ষার্থীর রোল ও নিবন্ধন নম্বর নির্ধারিত ঘরে লিখতে হবে। সব তথ্য ঠিক থাকলে জমা দেওয়ার বোতামে চাপ দিলেই ফলাফল পর্দায় দেখা যাবে। প্রয়োজন অনুযায়ী ফল সংরক্ষণ বা মুদ্রণও করা যাবে।
বিকল্প ওয়েবসাইটেও দেখা যাবে ফল :
সরকারি ওয়েবসাইটে প্রবেশ করতে সমস্যা হলে https://eboardresults.com ওয়েবসাইট ব্যবহার করা যেতে পারে।
এ ক্ষেত্রে প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করে পরীক্ষার নাম, শিক্ষাবর্ষ ও শিক্ষা বোর্ড নির্বাচন করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য, রোল ও নিবন্ধন নম্বর এবং নিরাপত্তা যাচাইয়ের সংকেত দিতে হবে। সব তথ্য সঠিকভাবে পূরণ করে ফল দেখার বোতামে চাপ দিলেই ফলাফল পাওয়া যাবে।
খুদে বার্তায় ফল জানার পদ্ধতি :
ইন্টারনেট সংযোগ না থাকলেও মুঠোফোনের মাধ্যমে খুদে বার্তা পাঠিয়ে এইচএসসির ফল জানা যাবে। এ জন্য মুঠোফোনের বার্তা লেখার অপশনে গিয়ে নির্দিষ্ট নিয়মে লিখতে হবে—
এইচএসসি বোর্ডের নামের প্রথম তিনটি ইংরেজি অক্ষর, এরপর রোল নম্বর এবং সবশেষে ২০২৬ লিখে বার্তাটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
উদাহরণ: HSC DHA 123456 2026
এখানে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীর রোল নম্বরের জায়গায় নিজের রোল নম্বর বসাতে হবে। অন্য বোর্ডের শিক্ষার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর ব্যবহার করতে হবে। কিছুক্ষণের মধ্যেই ফিরতি বার্তায় ফল জানিয়ে দেওয়া হবে।
দেশবার্তা/জেএ