ন্যূনতম বেতন বৃদ্ধি ও কালো তালিকাভুক্তি বন্ধসহ তিন দফা দাবি আদায়ে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশের একটি গাড়িতে আগুন দেন। সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ায় সাংবাদিক ও পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কয়েকটি কারখানার শ্রমিকেরা। বেলা ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
সরেজমিনে জানা যায়, সকালে পদ্মার মোড় এলাকায় শ্রমিকেরা জড়ো হয়ে সড়কে অবস্থান নিলে পুলিশ ও বিজিবি তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। সাড়ে ১০টার দিকে হেমায়েতপুর-সিংগাইর সড়কে আন্দোলনরত শ্রমিকেরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। এর কিছুক্ষণ পর স্টার টেলিভিশনের সাংবাদিক সোহান সিরাজী, ৭১ টিভির সাংবাদিক রায়হান বিন ও ক্যামেরাম্যান উজ্জ্বল হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। পরে শ্রমিক ও পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ায় অন্তত ১০ জন আহত হন।
এদিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন। পরে কারখানাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হলে তারা সড়কে বেরিয়ে আসেন এবং বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। বর্তমানে নিশ্চিন্তপুর ও হেমায়েতপুর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান নূর জানান, শ্রমিকেরা তিন দফা দাবি নিয়ে মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। বর্তমানে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দেশবার্তা/একে