সহিংসতা ও অস্থিরতার পর গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। বিজিবি মোতায়েন এবং যৌথ বাহিনীর টহল জোরদারের পর সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে জেলার সরকারি-বেসরকারি অফিস, আদালত ও দোকানপাট খুলেছে। পাশাপাশি ঢাকা-খুলনা মহাসড়কসহ জেলা শহরের অভ্যন্তরীণ সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন রাখার পাশাপাশি যৌথ বাহিনীর টহল অব্যাহত রয়েছে।
এর আগে রোববার (১৫ নভেম্বর) দিনভর জেলায় বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এসব সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। ওই সময় বিএনপি নেতাদের বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি গ্রামীণ ব্যাংকেও আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে জেলায় বিজিবি মোতায়েন করা হয়।
এদিকে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রবিবার রাতে জেলার তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। বদলির আদেশপ্রাপ্ত কর্মকর্তারা হলেন টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান। তাদের সবাইকে কিশোরগঞ্জ জেলায় বদলি করা হয়েছে।
দেশবার্তা/একে