ইসরায়েলের পার্লামেন্টের নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন গাদি আইজেনকোটের দল ইয়াশারের আইনপ্রণেতা মাতান কাহানা। মঙ্গলবার ১২০ সদস্যের পার্লামেন্ট নেসেটে অনুষ্ঠিত ভোটে ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। তার নির্বাচনের মধ্য দিয়ে পার্লামেন্টের গুরুত্বপূর্ণ পদে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধী জোট। এই জোট নেতানিয়াহু সরকারের বিতর্কিত নীতিগুলোর পরিবর্তনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছে।
কাহানার প্রতিদ্বন্দ্বী ছিলেন নেতানিয়াহুর লিকুদ পার্টির প্রার্থী ওফির কাটজ। তিনি ৫২ ভোট পেয়েছেন। কাহানা বিদায়ী স্পিকার আমির ওহানার স্থলাভিষিক্ত হয়েছেন। ২০২২ সাল থেকে এই পদে দায়িত্ব পালন করছিলেন ওহানা।
ভোটের পর নিজের প্রথম বক্তব্যে কাহানা বলেন, ‘জাতি, ধর্ম বা লিঙ্গনির্বিশেষে ইসরায়েলের সব নাগরিকের জন্য আমি নেসেটের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করতে চাই।’ তিনি আরও বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি সম্মান বজায় রাখা এবং আদালতের রায় মেনে চলা পার্লামেন্টের দায়িত্ব।
ইসরায়েলের পার্লামেন্ট স্পিকারের পদটি গুরুত্বপূর্ণ। তিনি পার্লামেন্টের কার্যসূচি নির্ধারণে ভূমিকা রাখেন। ফলে কোনো আইন নিয়ে বিতর্ক ও ভোটাভুটির প্রক্রিয়া এগিয়ে নেওয়া বা বিলম্বিত করার সুযোগ থাকে তাঁর।
গত ২৭ অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পায়। অন্যদিকে, আইজেনকোটের নেতৃত্বাধীন জোট পায় ৪৮টি আসন। আরব সংখ্যাগরিষ্ঠ দুটি জোট পায় ১৯টি আসন। কোনো পক্ষই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। আরব দলগুলোর সমর্থন নিয়ে কাহানাকে স্পিকার নির্বাচিত করেছে আইজেনকোটের জোট।
স্পিকার নির্বাচনের আগে নেতানিয়াহুর জোটের আইনপ্রণেতারা দীর্ঘ সময় ধরে বিতর্ক ও প্রক্রিয়াগত বাধা তৈরির চেষ্টা করেন। পরে দুই পক্ষের মধ্যে সমঝোতার ভিত্তিতে ভোট অনুষ্ঠিত হয়। সমঝোতা অনুযায়ী, আইজেনকোটের জোট আগামী সোমবারের আগে বিচার বিভাগ সংস্কার বাতিলের প্রস্তাব নিয়ে ভোটাভুটি করবে না।
কাহানার নির্বাচনের ফলে নতুন সরকার গঠনের আলোচনা চলার মধ্যেই নেতানিয়াহুর সরকারের নেওয়া নীতিগুলো পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে বিচার বিভাগের স্বাধীনতা ও বিচারক নিয়োগে সরকারের প্রভাব বাড়ানোর লক্ষ্যে নেওয়া সংস্কারগুলো বাতিলের উদ্যোগ নিতে পারে বিরোধী জোট।
আইজেনকোট জানিয়েছেন, তিনি বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করে—এমন সংস্কারগুলো বাতিল করতে চান। পাশাপাশি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থায় যে ব্যর্থতা ছিল, তা তদন্তে একটি রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের প্রতিশ্রুতিও দিয়েছেন।
তবে নেতানিয়াহু স্বাধীন তদন্ত কমিশন গঠনের বিরোধিতা করে আসছেন। কমিশনের সদস্যদের রাজনৈতিক নেতারা নির্বাচন করবেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ রয়েছে।
এদিকে, রোববার নেতানিয়াহু ও আইজেনকোটের দলগুলোর মধ্যে ঐক্য সরকার গঠন নিয়ে বৈঠক হয়। তবে প্রধানমন্ত্রী কে হবেন, তা নিয়ে দুই নেতার অবস্থান ভিন্ন থাকায় আলোচনায় অগ্রগতি হয়নি। নেতানিয়াহু জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রয়োজনীয়তার কথা বললেও আইজেনকোট তাকে ক্ষমতা থেকে সরিয়ে নতুন সরকার গঠনের চেষ্টা করছেন।
৫৪ বছর বয়সী কাহানা সাবেক বিশেষ বাহিনীর সদস্য। তিনি ২০২১ ও ২০২২ সালে নেতানিয়াহুবিহীন জোট সরকারের ধর্মবিষয়ক মন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি আইজেনকোটের ইয়াশার দলের সদস্য।
নতুন স্পিকার নির্বাচনের মধ্য দিয়ে নেসেটের কার্যক্রম ও আইন প্রণয়নের ক্ষেত্রে আইজেনকোটের জোটের প্রভাব বেড়েছে। তবে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত নেতানিয়াহুই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
দেশবার্তা/এমআর