শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় আজ রোববার ৩৯টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। দুপুর ২টার দিকে শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্র জানায়, বন্ধ থাকা কারখানাগুলোর মধ্যে ২১টি বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় (কাজ নেই, মজুরি নেই ভিত্তিতে) বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় মালিকপক্ষ আরও ১৮টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে।
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের জেরে এই ৩৯টি কারখানা বন্ধ থাকলেও শিল্পাঞ্চলের বাকি কারখানাগুলো উৎপাদনে ফিরেছে।
পুলিশ সুপার মোমিনুল ইসলাম জানান, রোববার দুপুর ২টা পর্যন্ত শিল্পাঞ্চলের কোথাও শ্রমিক বিক্ষোভের খবর পাওয়া যায়নি। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন কারখানা ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এদিকে সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু জানান, কারখানার সামনে ১৩(১) ধারায় ছুটির নোটিশ টানানো থাকলেও পরিস্থিতি অনুকূলে থাকায় বেশ কয়েকটি কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে।
এই শ্রমিক নেতা বলেন, কিছু কারখানায় সকালে ছুটি দিলেও দুপুর থেকে ওভারটাইম হিসেবে কাজ চলছে। বিগত দিনগুলোর তুলনায় পরিস্থিতি এখন অনেকটাই ভালো। তবে এই মুহূর্তে শ্রমিক ও শ্রমিক নেতাদের গ্রেপ্তার-পুলিশি হয়রানি বন্ধ করা উচিত।
দেশবার্তা/একে