চট্টগ্রাম বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) ছয় মাস পরিচালনার দায়িত্ব পেয়েছে লক্ষ্মীপুর-১ আসনের সরকারদলীয় সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের পারিবারিক মালিকানাধীন প্রতিষ্ঠান এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড। সর্বনিম্ন ৩০ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকার দর প্রস্তাব করে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে প্রতিষ্ঠানটি।
সোমবার (২৩ নভেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের অনুমোদন এবং চুক্তিপত্রে সইয়ের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। আজ মঙ্গলবার থেকেই টার্মিনালটিতে কনটেইনার ওঠানো-নামানোর কাজ শুরু করবে তারা।
এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেডের স্বত্বাধিকারী সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদককে বলেন, ‘চট্টগ্রাম বন্দরে আমাদের দীর্ঘ ৪০ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে। কাজের অভিজ্ঞতা, দক্ষতা এবং সর্বনিম্ন দর—সব মিলিয়ে মূল্যায়ন কমিটি আমাদের প্রতিষ্ঠানকে মনোনীত করেছে।’
সিসিটি পরিচালনার জন্য মাত্র ৪৮ ঘণ্টার নোটিশে সীমিত দরপত্র আহ্বান করেছিল বন্দর কর্তৃপক্ষ। গোপনে এই দরপত্রে অভিজ্ঞ অধিকাংশ অপারেটরকে বাইরে রাখা হয়। দীর্ঘদিনের অপারেটর সাইফ পাওয়ারটেকও নির্ধারিত সময়ে শিডিউল কিনতে পারেনি।
তবে শেষ মুহূর্তে দরপত্রের খবর পেয়ে অংশ নেয় এভারেস্ট পোর্ট সার্ভিসেস। নির্ধারিত সময়ে জামানতসহ সর্বনিম্ন দর প্রস্তাব করে পুরো দরপত্রের সমীকরণ পাল্টে দেয় প্রতিষ্ঠানটি।
চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, আগামী ছয় মাসের জন্য ৩০ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকায় সিসিটি পরিচালনা করবে এভারেস্ট। দরপত্রে অংশ নেওয়া অপর প্রতিষ্ঠান বিঅ্যান্ডএম-ওশেনিয়া জেভি দর দিয়েছিল ৪০ কোটি ৪০ লাখ ১৩ হাজার ৪০০ টাকা। ফলে এভারেস্ট কাজ পাওয়ায় বন্দরের সরাসরি সাশ্রয় হবে ১০ কোটি ২৪ লাখ ৮৩ হাজার ৪০০ টাকা।
বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন সালাহ উদ্দিন চৌধুরী বলেন, ‘আমার কথা হচ্ছে, এক ঘণ্টার জন্যও বন্দরের কাজে বিঘ্ন ঘটতে পারবে না। আশা করছি, আগের মতোই সিসিটির কাজের গতি নিরবচ্ছিন্ন থাকবে।’
সীমিত দরপত্র পদ্ধতিতে (এলটিএম) আগামী ছয় মাসের জন্য সিসিটি পরিচালনার অপারেটর নিয়োগে দরপত্র আহ্বান করে বন্দর কর্তৃপক্ষ। এতে মোট চারটি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়—এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড, বিঅ্যান্ডএম-ওশেনিয়া জেভি, শামীম এন্টারপ্রাইজ (প্রাইভেট) লিমিটেড এবং দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড।
জমা পড়া চারটি প্রতিষ্ঠানের মধ্যে সর্বনিম্ন দর প্রস্তাব করে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড।
প্রতিনিধি/আরএইচ