ময়মনসিংহ সদর উপজেলার চর ঈশ্বরদিয়া গ্রামে দুই বোনের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে তাঁদের ভাই শফিকুল ইসলাম ওরফে শফিকের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শফিকুলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে গত ২১ নভেম্বর কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করেছেন তাঁর বোন ফরিদা।
অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি থানার এসআই রিয়াদ মিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে।
অভিযোগে বলা হয়, চর ঈশ্বরদিয়া গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের মেয়ে ফরিদা ও রহিমা পৈতৃক সূত্রে পাওয়া ১৭ দশমিক ৪৪ শতাংশ জমি মনির মিয়াসহ অন্যদের কাছে বিক্রি করেন। এ বিষয়ে বায়নানামা দলিলও সম্পাদন করা হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে শফিকুল তাঁর দুই বোনের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় বিক্রি করা জমির সীমানাপ্রাচীর উপড়ে ফেলেন এবং পিলার, কাঁটাতারসহ অন্যান্য সামগ্রী লুট করে নিয়ে যান। এতে মনির গংদের দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ ঘটনায় জানমালের নিরাপত্তা চেয়ে মনির মিয়াও গত ২২ নভেম্বর পুলিশ সুপার বরাবর অভিযোগ দিয়েছেন।
ঘটনার সত্যতা জানতে সরেজমিনে যোগাযোগ করা হলে ফরিদা ও তাঁর বোন অভিযোগের সত্যতা স্বীকার করেন। তাঁরা শফিকুলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা কামনা করেন।
মনির গংদের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা জানান, জমির কাগজপত্র যাচাই করে নিষ্কণ্টক হিসেবে বিবেচিত হওয়ায় উপযুক্ত মূল্য দিয়ে তাঁরা জমিটি কিনেছেন। এ বিষয়ে বায়নানামা দলিলও সম্পাদন করা হয়েছে। শফিক তাঁদের কাছেও ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। চাঁদা না দেওয়ায় সীমানার পিলার ও কাঁটাতার ভেঙে লুট করে নিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।
অভিযুক্ত শফিকুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
প্রতিনিধি/আরএইচ