চলতি বছরের শুরু থেকে দায়িত্ব পালনরত অবস্থায় ইসরায়েলি সেনাবাহিনীর ২৩ জন সৈন্য ও কর্মকর্তা আত্মহত্যা করেছেন। গত ১৬ বছরের মধ্যে বাহিনীটির নথিবদ্ধ আত্মহত্যার বার্ষিক ঘটনাগুলোর মধ্যে এ সংখ্যা সর্বোচ্চ।
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজায় ইসরায়েলের যুদ্ধে নিয়মিত ও রিজার্ভ বাহিনীতে দায়িত্ব পালন করা ১৭ জন সেনা সক্রিয় কর্মজীবন থেকে অবসরের পর চলতি বছর আত্মহত্যা করেছেন। এছাড়া ২০২৬ সালে পাঁচজন পুলিশ কর্মকর্তাও আত্মহত্যা করেছেন।
২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে বলে এসব পরিসংখ্যানে উঠে এসেছে। যুদ্ধের আগের এক দশকে ইসরায়েলি সেনাবাহিনীতে প্রতিবছর গড়ে প্রায় ১২টি আত্মহত্যার ঘটনা নথিবদ্ধ হয়েছিল।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ও নিরাপত্তা বাহিনীর ৩১ হাজার ৫০০’র বেশি সদস্য আহত হয়েছেন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে প্রায় ৬২ শতাংশ বা ১৯ হাজার ৬০০ জন মানসিক সমস্যার জন্যও চিকিৎসা নিচ্ছেন। এসব সমস্যার মধ্যে রয়েছে পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি), উদ্বেগ, বিষণ্ণতা এবং স্বাভাবিক বেসামরিক জীবনে ফিরে আসার জটিলতা।
আহতদের মধ্যে ১০ হাজার ১০০ জন কেবল মানসিক আঘাতের সঙ্গে লড়ছেন। আর ৯ হাজার ৪০০ জন শারীরিক আঘাতের পাশাপাশি মানসিক সমস্যায়ও ভুগছেন।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইসরায়েলের সব যুদ্ধ মিলিয়ে এ বিভাগের অধীনে চিকিৎসাধীন আহত সদস্যের সংখ্যা ৯২ হাজার ৩০০-তে পৌঁছেছে। তাঁদের মধ্যে ৪৭ শতাংশ মানসিক আঘাতের সঙ্গে লড়ছেন।
দেশবার্তা/একে