প্রথম সরকারি দ্বিপক্ষীয় সফরে ভারতে পৌঁছেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। নেপালের নতুন প্রজন্মের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে বৃহৎ প্রতিবেশী ভারতের শীর্ষ নেতাদের এটিই প্রথম উচ্চপর্যায়ের আনুষ্ঠানিক যোগাযোগ। এই সফরের মধ্য দিয়ে দুই দেশের দীর্ঘদিনের শীতল সম্পর্কে নতুন গতি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত মার্চে বালেন্দ্র শাহের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) বিপুল বিজয়ের মাধ্যমে ক্ষমতায় আসার পর এটিই তাঁর প্রথম বিদেশ সফর। এর ছয় মাস আগে, ২০২৫ সালের সেপ্টেম্বরে দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে ‘জেন-জি’ প্রজন্মের গণ-অভ্যুত্থানে কে পি শর্মা ওলির সরকারের পতন ঘটেছিল।
৩৬ বছর বয়সী র্যাপার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা বালেন্দ্র শাহ রোববার (২২ নভেম্বর) দুই দিনের সফরে নয়াদিল্লি পৌঁছান। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন নেপালের প্রধানমন্ত্রী। আলোচনায় অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা, নতুন আকাশপথ চালু এবং গত আগস্টে নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার পর পুনর্গঠনে সহায়তা প্যাকেজসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় গুরুত্ব পাবে।
আগস্টের ওই প্রাকৃতিক দুর্যোগে নেপালে ১ হাজার ৪৫০ জনের বেশি মানুষ নিহত হন এবং এখনো হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। দায়িত্ব নেওয়ার পর প্রথম এক বছর বিদেশ সফর না করার প্রতিশ্রুতি দিলেও বন্যার ক্ষয়ক্ষতি ও পুনর্গঠনের প্রয়োজনীয়তায় সেই সিদ্ধান্তে পরিবর্তন আনেন শাহ।
ভারত ও নেপালের মধ্যে ১ হাজার ৭৫০ কিলোমিটারের বেশি উন্মুক্ত সীমান্তের পাশাপাশি গভীর জাতিগত, সাংস্কৃতিক, ধর্মীয় ও সামাজিক সম্পর্ক রয়েছে। ভারত ও চীনের মধ্যবর্তী কৌশলগত ‘বাফার রাষ্ট্র’ হিসেবে নেপালের স্থিতিশীলতার সঙ্গে ভারতের নিরাপত্তা সরাসরি জড়িত। যদিও কয়েক দশক ধরে সীমান্ত বিরোধ, রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ এবং দিল্লির ‘বড় ভাইসুলভ’ মনোভাব নিয়ে নেপালে অসন্তোষ থাকায় সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। তা সত্ত্বেও বিশ্লেষকেরা এই সফরকে সম্পর্ক পুনর্গঠনের সুযোগ হিসেবে দেখছেন।
নেপালে নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত রণজিৎ রায় বিবিসিকে বলেন, নেপালের নতুন নেতৃত্ব অতীতের রাজনৈতিক বোঝা বহন করছে না এবং তারা উন্নয়ন, কূটনীতি ও অর্থনৈতিক অংশীদারত্বের ওপর গুরুত্ব দিতে চায়। তাঁদের আরও বাস্তববাদী ও কম আদর্শনির্ভর মনে হচ্ছে বলে মন্তব্য করে তিনি এটিকে আশাব্যঞ্জক সময় হিসেবে অভিহিত করেন।
২০০৮ সালে নেপালে রাজতন্ত্র বিলুপ্তির পর থেকে নেপাল কমিউনিস্ট পার্টি (ইউএমএল), নেপালি কংগ্রেস এবং নেপাল কমিউনিস্ট পার্টি (মাওবাদী কেন্দ্র)- এই তিনটি দল শাসনব্যবস্থায় আধিপত্য বিস্তার করে আসছিল। আদর্শগত কারণে নেপালের কমিউনিস্ট দলগুলোকে চীনের ঘনিষ্ঠ মনে করা হতো এবং তারা প্রায়ই দ্বিপক্ষীয় চুক্তিগুলোকে অসম আখ্যা দিয়ে দিল্লির সমালোচনা করত। অন্যদিকে কৌশলগত অবস্থানের কারণে কাঠমান্ডুতে প্রভাব বিস্তারে দিল্লি ও বেইজিংয়ের প্রতিযোগিতা সব সময়ই দৃশ্যমান।
দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৯ বিলিয়ন ডলারের বেশি, তবে বাণিজ্য ঘাটতি ভারতের পক্ষে ব্যাপকভাবে ঝুঁকে থাকায় কাঠমান্ডুতে অসন্তোষ রয়েছে। পেট্রোলিয়াম ও খাদ্যপণ্যের প্রধান সরবরাহকারী হওয়ার পাশাপাশি তৃতীয় দেশের সঙ্গে নেপালের বাণিজ্যের প্রধান ট্রানজিট রুট ভারত। এর বাইরে ২০১৯ সালে ভারতের প্রকাশিত একটি মানচিত্রে চীন সীমান্তসংলগ্ন পশ্চিমাঞ্চলের কিছু বিতর্কিত এলাকা অন্তর্ভুক্ত করা এবং পরবর্তী সময়ে নেপালের পাল্টা মানচিত্র প্রকাশ নিয়ে দুই দেশের কূটনৈতিক বিরোধ তীব্র হয়।
প্রবীণ নেপালি রাজনৈতিক বিশ্লেষক কনক মণি দীক্ষিত বিবিসিকে বলেন, তাৎক্ষণিক সমাধান না হলেও নেপালের প্রধানমন্ত্রীর উচিত এবার দিল্লির সঙ্গে সীমান্ত ইস্যুটি উত্থাপন করে নিষ্পত্তির আলোচনা শুরু করা।
এ ছাড়া লুম্বিনীর কাছে গৌতম বুদ্ধ আন্তর্জাতিক বিমানবন্দর (ভৈরহাওয়া) এবং পোখারা বিমানবন্দরে বড় উড়োজাহাজ চলাচলের জন্য ভারতের অতিরিক্ত আকাশপথ ব্যবহারের অনুমতি চাইছে নেপাল। তবে এই দুটি বিমানবন্দর নির্মাণে চীনা প্রতিষ্ঠান ও অর্থায়ন যুক্ত থাকায় বিষয়টি নিয়ে দিল্লির উদ্বেগ রয়েছে।
বেইজিংয়ের সঙ্গে সরাসরি কোনো উদ্যোগ না নিলেও ভারত সফরের আগে ১৫ নভেম্বর থেকে ১১ দিনের সফরে ক্ষমতাসীন দলের ২০ জন সংসদ সদস্যের একটি প্রতিনিধিদল চীনে পাঠিয়েছেন বালেন্দ্র শাহ। দুই শক্তিশালী প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখার কৌশল হিসেবেই এই পদক্ষেপকে দেখা হচ্ছে। সূত্র: বিবিসি
দেশবার্তা/একে