গাজীপুরের সালনায় পোশাক শ্রমিকদের আন্দোলন ও সড়ক অবরোধ চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হওয়া বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আহত সদস্যদের দেখতে আনসার-ভিডিপি হাসপাতাল পরিদর্শন করেছেন মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
শনিবার (২৮ নভেম্বর) তিনি হাসপাতালে গিয়ে আহত ৩ জন কর্মকর্তা ও ৬ জন আনসার ব্যাটালিয়ন সদস্যের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এ সময় তিনি আহতদের সঙ্গে কথা বলে মনোবল জোগান এবং সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। বর্তমানে আহত সবাই আশঙ্কামুক্ত রয়েছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে চিকিৎসাধীন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৫ নভেম্বর গাজীপুরের সালনা এলাকায় দায়িত্ব পালনকালে আকস্মিক হামলার শিকার হন আনসারের কর্মকর্তা ও সদস্যরা। ঘটনার পরপরই তাঁদের আনসার-ভিডিপি হাসপাতালে ভর্তি করা হয়। মহাপরিচালকের নির্দেশে অতিরিক্ত মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তখনই হাসপাতালে গিয়ে চিকিৎসা তদারকি করেন।
হামলায় আহত কর্মকর্তারা হলেন সার্কেল অ্যাডজুট্যান্ট সুকুমার, রনি ও আরাফাত। আহত সদস্যরা হলেন হাবিলদার শুকুর মাহমুদ, নায়েক আ. রহিম, নায়েক শাহাদাৎ হোসেন, ল্যান্স নায়েক আবদুল হান্নান, সিপাহি মহসিন ও সিপাহি মাসুম শেখ। তাঁদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মহাপরিচালক বলেন, সালনায় দায়িত্বরত আনসার ব্যাটালিয়ন ও পুলিশ সদস্যদের ওপর সহস্রাধিক দুষ্কৃতকারী পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালায়। দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের সুরক্ষায় আনসার সদস্যরা নিজেদের ঢাল হিসেবে ব্যবহার করে আঘাত সহ্য করেন। একটি দোকানে আশ্রয় নেওয়ার পরও দুষ্কৃতকারীরা গরম পানি নিক্ষেপসহ নানাভাবে হামলা চালায়; তবে শ্রমিকদের জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে সদস্যরা ধৈর্য ও পেশাদারিত্ব দেখিয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি ও পুলিশসহ অন্যান্য বাহিনীর সমন্বয়ে দ্রুত অতিরিক্ত সদস্য পাঠানো হয় এবং মহাসড়কের প্রতিবন্ধকতা সরিয়ে জনজীবন স্বাভাবিক করা হয় বলে জানান তিনি। মহাপরিচালক বলেন, হামলার ঘটনায় প্রাথমিক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
চিকিৎসকদের সঙ্গে চিকিৎসার অগ্রগতি নিয়ে আলোচনা শেষে প্রয়োজনীয় ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা ও নিবিড় পরিচর্যা নিশ্চিত করার নির্দেশ দেন মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
তিনি আশা প্রকাশ করেন, আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং প্রতিকূল পরিস্থিতিতে তাঁদের এই সাহসিকতা ও আত্মত্যাগ ভবিষ্যতে অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় বাহিনীর ভূমিকাকে আরও শক্তিশালী করবে।
উল্লেখ্য, গাজীপুর জেলায় শিল্পকারখানা, জনজীবন ও মহাসড়কের নিরাপত্তায় বর্তমানে আনসার ব্যাটালিয়নের ১৯টি প্লাটুন মোতায়েন রয়েছে।
দেশবার্তা/একে