সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে ভারতের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই আসতে হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব। তিনি আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী ও মাফিয়া দল’ আখ্যা দিয়ে বলেন, সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে তারা প্রমাণ করেছে যে তারা নিজেদের শুধরাবে না।
শনিবার (২৮ নভেম্বর) সকালে কুড়িগ্রামের নাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
আন্তর্জাতিক নদীর পানি বণ্টন প্রসঙ্গে কঠোর অবস্থানের কথা জানিয়ে আসাদুল হাবিব বলেন, আন্তর্জাতিক নদীর পানি একতরফাভাবে প্রত্যাহার করে বাংলাদেশে মরুকরণ সৃষ্টি করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
উত্তরের মানুষের বহুল প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, তিস্তা প্রকল্পের সমীক্ষার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এবং তা পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। খুব শিগগিরই তিস্তা পাড়ের মানুষ এ বিষয়ে সুখবর পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ, সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল আমসাআ আমিন, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব এবং সুপ্রিম কোর্টের আইনজীবী আজিজুর রহমান দুলু।
এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও দলীয় নেতা-কর্মীরা অংশ নেন। পরে ত্রাণমন্ত্রী নাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদ্যাপন অনুষ্ঠানে যোগ দেন।
প্রতিনিধি/আরএইচ