৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা

বাসস

জাতীয়

দেশের সড়ক যোগাযোগব্যবস্থায় গতি আনা, পণ্য ও যাত্রী পরিবহন সহজ করা এবং যানজট কমাতে পাঁচ বছরে ৫০০ কিলোমিটার

2026-11-28T15:35:35+06:00
2026-11-28T15:35:35+06:00
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
সব জেলায় চার লেনের সংযোগ ও নতুন সেতু নির্মাণের লক্ষ্য
৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা
ম্যাপিং দিয়ে শুরু হবে কাজ
বাসস
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৩:৩৫ পিএম 
⏲
সংগৃহীত ছবি
দেশের সড়ক যোগাযোগব্যবস্থায় গতি আনা, পণ্য ও যাত্রী পরিবহন সহজ করা এবং যানজট কমাতে পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি অ্যাকশন ম্যাট্রিক্সে এ রূপরেখা রাখা হয়েছে।

পরিকল্পনায় অগ্রাধিকার পাওয়া করিডরগুলোর মধ্যে রয়েছে ২৩২ কিলোমিটার দীর্ঘ ঢাকা-চট্টগ্রাম সড়ক, রংপুর থেকে ভোগড়া পর্যন্ত ২৬০ কিলোমিটার, জয়দেবপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত ৮৫ কিলোমিটার, গাবতলী থেকে নবীনগর পর্যন্ত ২৪ কিলোমিটার এবং ঢাকার রামপুরা থেকে ডেমরা পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কপথ।

সব জেলাকে চার লেনের মহাসড়কে যুক্ত করে একটি জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সমুদ্রবন্দর, স্থলবন্দর, অর্থনৈতিক অঞ্চল, সীমান্ত ও এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের সঙ্গে উন্নত সড়ক যোগাযোগ স্থাপনের কথা বলা হয়েছে।

অ্যাকশন ম্যাট্রিক্স অনুযায়ী, জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গঠনে প্রথম ছয় মাসে প্রায় তিন হাজার কিলোমিটার সম্ভাব্য এক্সপ্রেসওয়ে করিডরের ম্যাপিং করা হবে। যানবাহনের চাপ, পণ্য ও যাত্রী পরিবহনের চাহিদা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পর্ক বিবেচনায় অগ্রাধিকার রুট ঠিক করা হবে।

পরবর্তী এক বছরের মধ্যে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ শেষ করে যান চলাচলের জন্য খুলে দেওয়ার লক্ষ্য রয়েছে। পাঁচ বছরের পরিকল্পনায় গ্রামীণ সড়ক পাকাকরণ, গুরুত্বপূর্ণ নদীর ওপর নতুন সেতু নির্মাণ, মহাসড়কের সক্ষমতা বৃদ্ধি, নগর পরিবহনের আধুনিকায়ন, সড়ক দখলমুক্ত করা এবং দুর্ঘটনা কমাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের উদ্যোগও যুক্ত করা হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নেতৃত্বে এ পরিকল্পনা বাস্তবায়ন হবে। সহযোগিতায় থাকবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সেতু বিভাগ, সড়ক ও জনপথ অধিদপ্তর (আরএইচডি), স্থানীয় সরকার বিভাগ, বিআরটিএ, বিআরটিসি ও ডিটিসিএ। প্রয়োজনে অন্যান্য মন্ত্রণালয় ও সংস্থাকেও যুক্ত করা হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বাসসকে বলেন, দেশের সড়ক যোগাযোগব্যবস্থাকে আধুনিক, নিরাপদ ও গতিশীল করাই সরকারের অন্যতম অগ্রাধিকার।

তিনি বলেন, ‘আমরা এমন একটি জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তুলতে চাই, যার মাধ্যমে দেশের সব জেলা চার লেনের মহাসড়কের সঙ্গে যুক্ত হবে। এতে শুধু রাজধানীর সঙ্গে যোগাযোগ সহজ হবে না, সমুদ্রবন্দর, স্থলবন্দর, অর্থনৈতিক অঞ্চল ও শিল্পাঞ্চলের সঙ্গেও সড়ক যোগাযোগ আরও শক্তিশালী হবে।’

মন্ত্রী আরও বলেন, পাঁচ বছরের কর্মপরিকল্পনা অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে; তবে প্রতিটি প্রকল্পে অর্থনৈতিক সম্ভাব্যতা, পরিবেশগত প্রভাব ও জনস্বার্থকে গুরুত্ব দেওয়া হবে।

পর্যায়ক্রমে দেশের সব গ্রামীণ সড়ক পাকা করার পরিকল্পনা রয়েছে। প্রথম ছয় মাসে যেসব এলাকার সঙ্গে মহাসড়ক, স্থানীয় বাজার ও বাণিজ্যিক কেন্দ্রের যোগাযোগ দুর্বল- বিশেষ করে কৃষিপণ্য উৎপাদনকারী এলাকা, প্রত্যন্ত জনপদ ও যোগাযোগ সুবিধাবঞ্চিত গ্রাম- তা চিহ্নিত করা হবে। 

এক বছরের মধ্যে অগ্রাধিকারপ্রাপ্ত গ্রামীণ সড়কে বড় পরিসরে পাকাকরণ শুরু হবে এবং পাঁচ বছরের মধ্যে গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কগুলোকে অর্থনৈতিক করিডরের সংযোগ সড়ক হিসেবে উন্নীত করার লক্ষ্য রয়েছে। সড়কের স্থায়িত্বের জন্য পানি নিষ্কাশন, কালভার্ট ও ছোট সেতুর সক্ষমতা নিশ্চিত করার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।

অতিরিক্ত ভারী যানবাহনের চাপে মহাসড়কের স্থায়িত্ব কমে যাওয়া ও রক্ষণাবেক্ষণ ব্যয় বাড়ায় অ্যাক্সেল লোড নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রথম ছয় মাসে জাতীয় অ্যাক্সেল লোড নিয়ন্ত্রণ নীতিমালা প্রণয়ন, এক বছরের মধ্যে নিয়ন্ত্রণ স্টেশনের সংখ্যা বাড়ানো এবং পাঁচ বছরের মধ্যে পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ ও প্রয়োগব্যবস্থা চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রযুক্তি ও মনিটরিংয়ের মাধ্যমে নির্ধারিত ওজনসীমা অতিক্রমকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড বাস্তবায়নের আগে দেশের গুরুত্বপূর্ণ সড়ক করিডরগুলো চিহ্নিত করা হবে। প্রথম ছয় মাসে প্রায় তিন হাজার কিলোমিটার সম্ভাব্য করিডরের ম্যাপিং করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, পাঁচ বছরের মধ্যে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের যে লক্ষ্য রয়েছে, তা বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করা হবে। অর্থায়ন ও জমি অধিগ্রহণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানান তিনি।

পাঁচ বছরের কর্মপরিকল্পনায় দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা সেতু, রাজবাড়ী-পাবনা সেতু, মেঘনা-চাঁদপুর সেতু ও ভোলা-বরিশাল সেতু নির্মাণের উদ্যোগ রয়েছে। প্রথম ছয় মাসে দ্বিতীয় যমুনা সেতু এবং দ্বিতীয় পদ্মা সেতুর (পাটুরিয়া-দৌলতদিয়া) সম্ভাব্যতা যাচাইয়ে পরামর্শক নিয়োগ এবং এক বছরের মধ্যে সমীক্ষা শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণের বিষয়টিও পরিকল্পনায় অন্তর্ভুক্ত রয়েছে।

সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, একটি কার্যকর এক্সপ্রেসওয়ে নেটওয়ার্ক গড়ে তুলতে শুধু সড়ক নির্মাণ করলেই হবে না, বরং পুরো করিডরের কারিগরি সক্ষমতা নিশ্চিত করতে হবে। কোথায় নতুন সড়ক প্রয়োজন, কোথায় বিদ্যমান মহাসড়ক সম্প্রসারণ করা সম্ভব এবং কোথায় নতুন সংযোগ সড়ক নির্মাণ করতে হবে, তা ম্যাপিংয়ের মাধ্যমে নির্ধারণ করা হবে।

তিনি বলেন, নকশা, নির্মাণমান, নিরাপত্তা, পানি নিষ্কাশন ও দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণে গুরুত্ব দিয়ে কারিগরি প্রস্তুতি ও বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হবে।

পরিকল্পনা বাস্তবায়নে বিপুল অর্থায়ন, জমি অধিগ্রহণ, পরিবেশগত ছাড়পত্র, সম্ভাব্যতা যাচাই, নির্মাণমান নিয়ন্ত্রণ এবং আন্তঃসংস্থা সমন্বয়কে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। বিদ্যমান সড়কের রক্ষণাবেক্ষণ ও নির্মিত অবকাঠামোর কার্যকর ব্যবহার নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

পরিবহন বিশেষজ্ঞ, বুয়েট অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান বাসসকে বলেন, দেশের সব জেলাকে চার লেনের মহাসড়কের মাধ্যমে যুক্ত করার পরিকল্পনা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তবে এক্সপ্রেসওয়ে নির্মাণের আগে কোন রুটে কী পরিমাণ যানবাহন চলাচল করে এবং আগামী ২০ থেকে ৩০ বছরে পরিবহন চাহিদা কতটা বাড়তে পারে, তা বিবেচনায় নিতে হবে।

তিনি বলেন, শুধু অবকাঠামো নির্মাণ করলেই যানজটের সমাধান হবে না। সড়ক ব্যবস্থাপনা, গণপরিবহন, পণ্য পরিবহন, পার্কিং এবং ট্রাফিক ব্যবস্থাপনার মধ্যে সমন্বয় থাকতে হবে।

অধ্যাপক হাদিউজ্জামান আরও বলেন, আমাদের দেশে অনেক ক্ষেত্রে নতুন সড়ক নির্মাণের পরও পরিকল্পনাহীন সংযোগ, বাজার ও অবৈধ পার্কিংয়ের কারণে যানজট তৈরি হয়। তাই এক্সপ্রেসওয়ের পাশাপাশি সংযোগ সড়ক, নিরাপদ প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা এবং গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করতে হবে। আর পাঁচ বছরে ৫০০ কিলোমিটার নির্মাণের লক্ষ্য বাস্তবায়ন করতে হলে প্রকল্পের প্রস্তুতি, অর্থায়ন ও জমি অধিগ্রহণের কাজ আগে থেকেই এগিয়ে রাখতে হবে।

২০২৬-২০৩১ মেয়াদের পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের সঙ্গে যুক্ত এসব উদ্যোগ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে অবকাঠামোগত ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে। সূত্র: বাসস

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

মাদারীপুরে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৮: রাজৈর ও সদরে মিছিল
১ বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালুর ঘোষণা
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯
ফেনী ইউনিভার্সিটিতে জাতীয় আইন সম্মেলন, অংশ নিলেন ৫০ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
শেখ হাসিনাকে আসতে হলে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই আসতে হবে: ত্রাণমন্ত্রী

সর্বাধিক পঠিত 

মাদারীপুরে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৮: রাজৈর ও সদরে মিছিল
লন্ডনে গ্লোবাল বিশ্বনাথ এনআরবি অ্যাসোসিয়েশনের পরামর্শ ও মতবিনিময় সভা
জাতীয় হৃদরোগের সিসিইউতে ওষুধ পাচার, বেড বাণিজ্য-অনিয়মের অভিযোগ
শিক্ষা ও পরিবার বাঁচাতে উপকূলীয় শিক্ষার্থীদের জাগরণ যাত্রা
কালো চশমায় চসিক প্রশাসক শাহাদাত, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement