উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

দেশবার্তা ডেস্ক

শিক্ষা ও ক্যাম্পাস

দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনছে সরকার। একই সঙ্গে তারা

2026-11-28T15:31:59+06:00
2026-11-28T15:31:59+06:00
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
শিক্ষা ও ক্যাম্পাস
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৩:৩১ পিএম 
⏲
ফাইল ছবি
দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনছে সরকার। একই সঙ্গে তারা শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা বেতনে পড়ার সুযোগ পাবে। পাশাপাশি অনগ্রসর আরও ১২টি নতুন উপজেলা যুক্ত হওয়ায় শতভাগ উপবৃত্তির আওতায় আসছে মোট ২২টি উপজেলা।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির মোট ৭৩ লাখ ২২ হাজার ছাত্রী সর্বজনীনভাবে উপবৃত্তি পাবে, যা দেশের শতভাগ ছাত্রী। এর ফলে সুবিধাভোগী মোট শিক্ষার্থীর সংখ্যা দাঁড়াবে ৯৯ লাখ ৩৪ হাজার বা প্রায় এক কোটি। প্রচলিত দারিদ্র্য-ভিত্তিক মূল্যায়নের মাধ্যমে ছাত্ররাও এ সুবিধা পাবে। শুধু উপবৃত্তি খাতে সরকারের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৯৮ কোটি ৬৮ লাখ টাকা।

বিএনপির নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার অনুযায়ী ‘সমন্বিত উপবৃত্তি কর্মসূচি’র পরিধি বাড়িয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নারী শিক্ষার প্রসার, ঝরে পড়ার হার কমানো, বাল্যবিবাহ রোধ, সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, নারীর ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি-৪) অনুযায়ী সবার জন্য অবৈতনিক শিক্ষা নিশ্চিত করা এর মূল লক্ষ্য।

মাইলফলকের ধারাবাহিকতা

প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রবর্তিত উপবৃত্তি কর্মসূচি দেশের আর্থ-সামাজিক রূপান্তর, মানবসম্পদ উন্নয়ন ও নারী শিক্ষার জাগরণে একটি যুগান্তকারী মাইলফলক ছিল। প্রত্যন্ত অঞ্চলসহ সর্বত্র ছাত্রীদের আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়ায় মেয়েদের ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমেছিল এবং সেই অগ্রগতি আজও অব্যাহত রয়েছে।

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পূর্বের ধারাবাহিকতায় সারা দেশে শতভাগ ছাত্রী উপবৃত্তি কর্মসূচি আবার চালু হচ্ছে বলে জানান মাহদী আমিন। তাঁর ভাষ্য অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রসার, শিক্ষকদের মর্যাদা ও জীবনমান উন্নয়ন এবং শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও কর্মমুখী করার উদ্যোগ নতুন প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলছে।

ব্যয় বেড়ে ১৮ হাজার ৪৬৯ কোটি টাকা

সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর আওতাধীন ‘ইমপ্রুভিং অ্যাক্সেস অ্যান্ড রিটেনশন থ্রু হারমোনাইজড স্টাইপেন্ড প্রোগ্রাম’ স্কিমের চতুর্থ সংশোধনীতে ব্যয় বাড়িয়ে পরিধি সম্প্রসারণ করা হয়েছে। গত ৮ অক্টোবর অর্থ বিভাগের নীতিগত সিদ্ধান্তের পর ১১ নভেম্বর ডকুমেন্ট অনুমোদন দেয় অর্থ বিভাগ এবং ১২ নভেম্বর প্রশাসনিক অনুমোদন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এটি বাস্তবায়ন করবে।

সংশোধিত ডকুমেন্ট অনুযায়ী, মূল মেয়াদ ১ জুলাই ২০১৮ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত অপরিবর্তিত রেখে স্কিমের মোট ব্যয় ৩৮৮ কোটি ৮৮ লাখ টাকা বাড়ানো হয়েছে। তৃতীয় সংশোধনীতে অনুমোদিত ১৮ হাজার ৮০ কোটি ২৫ লাখ টাকার পরিবর্তে চতুর্থ সংশোধনীতে মোট প্রাক্কলিত ব্যয় দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৬৯ কোটি ১৩ লাখ টাকা। জুন ২০২৬ পর্যন্ত প্রকৃত ব্যয় হয়েছে ১৩ হাজার ৭৬২ কোটি ৩৫ লাখ টাকা, যা ৭৪ শতাংশ আর্থিক অগ্রগতি।

২০২৬-২৭ অর্থবছরে এই স্কিমের প্রাক্কলিত ব্যয় ৪ হাজার ৭০৬ কোটি ৭৮ লাখ টাকা; এর মধ্যে উপবৃত্তি খাতে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৯৮ কোটি ৬৮ লাখ টাকা। কর্মসূচির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে উপকারভোগী ছিলেন ৬৫ লাখ ২৫ হাজার শিক্ষার্থী—যার মধ্যে ছাত্রী ৩৯ লাখ ১৬ হাজার এবং ছাত্র ২৬ লাখ ৯ হাজার। চতুর্থ সংশোধনীতে ২০২৬-২৭ অর্থবছরে ৭৩ লাখ ২২ হাজার ছাত্রী ও ২৬ লাখ ১২ হাজার ছাত্রসহ মোট ৯৯ লাখ ৩৪ হাজার শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার প্রাক্কলন করা হয়েছে।

এসইডিপির ডেপুটি প্রোগ্রাম কোঅর্ডিনেটর প্রফেসর সাদেক আহমেদ খান বলেন, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শতভাগ ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার চূড়ান্ত অনুমোদন ও অর্থ ছাড় হয়েছে।

প্রকল্প কাঠামো অনুযায়ী, ১৯৯৪ সালে বেগম খালেদা জিয়ার সরকারের সময় ফিমেল সেকেন্ডারি স্কুল অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট’সহ চারটি পৃথক প্রকল্পের মাধ্যমে মাধ্যমিক স্তরে ছাত্রীদের উপবৃত্তি চালু হয়। পরে ২০০২ সালে উচ্চ মাধ্যমিক উপবৃত্তি চালুর ধারাবাহিকতায় সেকায়েপ, সেসিপ, এসইএসপি ও এইচএসএসপি একীভূত হয়ে বর্তমান সমন্বিত উপবৃত্তি কর্মসূচি গড়ে ওঠে।

মাহদী আমিন আরও বলেন, শতভাগ উপবৃত্তি চালু হলে প্রান্তিক ও দরিদ্র পরিবারগুলোর ওপর মেয়েদের পড়াশোনার ব্যয়জনিত চাপ কমবে, বাল্যবিবাহ রোধ হবে এবং নারীর আর্থ-সামাজিক ক্ষমতায়ন ও এসডিজি-৪ অর্জন দ্রুততর হবে।

অগ্রাধিকার ও শর্ত

নতুন কাঠামোয় সব ছাত্রী উপবৃত্তি ও টিউশন ফি পেলেও প্রক্সি-মিনস টেস্ট (পিএমটি) পদ্ধতি অনুসরণ করা হবে। ছাত্রীরা দারিদ্র্য যাচাইয়ে বাদ পড়বেন না; তথ্যভান্ডার ও গবেষণার জন্য এ তথ্য নেওয়া হবে। অসচ্ছল পরিবারের ছেলেদের ক্ষেত্রে হাউসহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে-২০২২ অনুযায়ী ৩০টি প্রশ্নের ভিত্তিতে ওয়েইটেজ ও কাট-অফ মার্কসে নির্বাচন বহাল থাকবে। প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, বীর মুক্তিযোদ্ধার সন্তান, প্রাক্তন ছিটমহলবাসী এবং জুলাই যোদ্ধা শিক্ষার্থীরা বিশেষ অগ্রাধিকার ও শতভাগ উপবৃত্তি পাবেন।

অনগ্রসর পুরোনো ১০টি উপজেলার সঙ্গে নতুন ১২টিসহ মোট ২২টি উপজেলার আবেদনের যোগ্য সব শিক্ষার্থী শতভাগ উপবৃত্তি পাবে। উপজেলাগুলো হলো নাইক্ষ্যংছড়ি, আলীকদম, কুড়িগ্রাম সদর, রৌমারী, চর রাজিবপুর, চিলমারী, উলিপুর, ভুরুঙ্গামারী, কাহারোল, খানসামা, কুলিয়ারচর, মিঠামইন, ইটনা, অষ্টগ্রাম, খালিয়াজুরী, শাল্লা, ধর্মপাশা, দোয়ারাবাজার, আজমিরীগঞ্জ, হাতিয়া, চৌহালি ও মনপুরা।

উপবৃত্তি ধরে রাখতে শিক্ষাপ্রতিষ্ঠানে ন্যূনতম ৭৫ শতাংশ উপস্থিতি, বার্ষিক পরীক্ষায় কমপক্ষে ৪৫ শতাংশ নম্বর, শিক্ষা বোর্ডের নিবন্ধন এবং উচ্চ মাধ্যমিক পর্যন্ত অবিবাহিত থাকা বাধ্যতামূলক।

জিটুপি পদ্ধতিতে অর্থ ও সামনে চ্যালেঞ্জ

জন্ম নিবন্ধন, এনআইডি ও বায়োমেট্রিক নিবন্ধিত সিম যাচাই শেষে আইবাস++-এর মাধ্যমে জিটুপি (সরকার টু ব্যক্তি) পদ্ধতিতে সরাসরি উপকারভোগী বা অভিভাবকের ব্যাংক, এজেন্ট ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিং হিসাবে অর্থ যাবে। পুরোনো ছাত্রীদের নতুন হিসাব লাগবে না; নতুনদের ক্ষেত্রে বাবা-মা বা অভিভাবকের এনআইডি ও নিবন্ধিত সিম দিয়ে কেওয়াইসি অথবা যৌথ স্কুল ব্যাংকিং হিসাব খুলে ১৮ বছর বয়সে হালনাগাদ করতে হবে।

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক বলেন, জিটুপি পদ্ধতিতে সরাসরি শিক্ষার্থীদের হিসাবে উপবৃত্তি, টিউশন ফি, পাবলিক পরীক্ষার ফি ও বই কেনার অর্থ পাঠানো হবে। আগামী ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রীর মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধনের কথা রয়েছে; সে অনুযায়ী প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে সফটওয়্যার ও তথ্য জটিলতায় উপবৃত্তি থেকে বঞ্চিত প্রায় ১৬ লাখ শিক্ষার্থীর বকেয়া অর্থ পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-ডিসেম্বর কিস্তির উপবৃত্তি, টিউশন ফি, দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফি এবং একাদশ শ্রেণির বই কেনার অর্থ দিতে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ চলছে। ঢাকা ও বিভাগীয় শহরের বড় শিক্ষাপ্রতিষ্ঠানে নির্ধারিত হারের বেশি টিউশন ফি নেওয়ার প্রবণতা থাকায় তালিকাভুক্তি ও তথ্য এন্ট্রিতে অনীহা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা, যাতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা বঞ্চিত হতে পারেন।

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির উপপরিচালক প্রফেসর সাইফুল আলম বলেন, ছাত্রীদের শতভাগ উপবৃত্তি বাস্তবায়নে ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে দ্রুতগতিতে তথ্য সংগ্রহের কাজ চলছে। তবে এ কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ হলো- যেসব প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে বেশি বেতন নেয়, তারা অনেক সময় উপবৃত্তির আওতায় আসতে চায় না। এতে ওইসব প্রতিষ্ঠানে থাকা দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা এ সুযোগ থেকে বঞ্চিত হতে পারে। বিষয়টি কার্যকর করতে একটি বাধ্যতামূলক নির্দেশনা থাকা জরুরি বলে মনে করেন তিনি।

অর্থ বিভাগের নির্ধারিত হার অনুযায়ী, এ কর্মসূচিতে শ্রেণিভেদে মাসিক উপবৃত্তি ২০০ থেকে ৪০০ টাকা এবং টিউশন ফি ৩৫ থেকে ৮০ টাকা নির্ধারিত রয়েছে। এছাড়া দশম থেকে দ্বাদশ শ্রেণিতে পরীক্ষার ফি ও বই কেনা বাবদ ১ হাজার থেকে দেড় হাজার টাকা এবং শিক্ষার্থীপ্রতি বাৎসরিক ব্যয় ২ হাজার ৮২০ থেকে ৭ হাজার ২৬০ টাকা ধরা হয়েছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

মাদারীপুরে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৮: রাজৈর ও সদরে মিছিল
১ বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালুর ঘোষণা
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯
ফেনী ইউনিভার্সিটিতে জাতীয় আইন সম্মেলন, অংশ নিলেন ৫০ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
শেখ হাসিনাকে আসতে হলে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই আসতে হবে: ত্রাণমন্ত্রী

সর্বাধিক পঠিত 

মাদারীপুরে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৮: রাজৈর ও সদরে মিছিল
লন্ডনে গ্লোবাল বিশ্বনাথ এনআরবি অ্যাসোসিয়েশনের পরামর্শ ও মতবিনিময় সভা
জাতীয় হৃদরোগের সিসিইউতে ওষুধ পাচার, বেড বাণিজ্য-অনিয়মের অভিযোগ
শিক্ষা ও পরিবার বাঁচাতে উপকূলীয় শিক্ষার্থীদের জাগরণ যাত্রা
কালো চশমায় চসিক প্রশাসক শাহাদাত, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা
শিক্ষা ও ক্যাম্পাস- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement