এআই পরাশক্তি হওয়ার দৌড়ে বড় পরিকল্পনা ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে প্রতিযোগিতা তীব্র হওয়ার প্রেক্ষাপটে বৈশ্বিক এআই ব্যবস্থায় গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে

2026-11-28T17:26:22+06:00
2026-11-28T17:26:22+06:00
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
এআই পরাশক্তি হওয়ার দৌড়ে বড় পরিকল্পনা ইসরায়েলের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৫:২৬ পিএম 
⏲
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে প্রতিযোগিতা তীব্র হওয়ার প্রেক্ষাপটে বৈশ্বিক এআই ব্যবস্থায় গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে বড় পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। এ লক্ষ্যে দেশটি আমলাতান্ত্রিক ও নিয়ন্ত্রক জটিলতা কমাচ্ছে এবং দ্রুত ডেটা সেন্টার নির্মাণের উদ্যোগ নিয়েছে। এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং ইসরায়েলকে নিজের ‘দ্বিতীয় বাড়ি’ বলে অভিহিত করেছেন।

গত জুনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘আমরা ইসরায়েলকে একটি বৈশ্বিক এআই পরাশক্তিতে পরিণত করব।’ ওই সময় এআই প্রযুক্তির উন্নয়ন ত্বরান্বিত করতে একটি জাতীয় পরিকল্পনা ঘোষণা করে তার সরকার। পরে সেপ্টেম্বরে ইসরায়েলি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ‘পাঁচ বছরের মধ্যে আমরা তৃতীয় এআই শক্তিতে পরিণত হব।’

এনভিডিয়ার কেন্দ্র ও প্রযুক্তিগত ভিত্তি

বিশ্বের অন্যতম শীর্ষ সেমিকন্ডাক্টর প্রতিষ্ঠান এনভিডিয়ার উত্থানে ইসরায়েলি প্রতিষ্ঠান মেলানরক্সের ভূমিকা ছিল। ২০২০ সালের এপ্রিলে প্রায় ৭ বিলিয়ন ডলারে কম্পিউটার নেটওয়ার্কিং পণ্য সরবরাহকারী মেলানরক্স অধিগ্রহণ করে এনভিডিয়া। এই অধিগ্রহণকে কেন্দ্র করে গড়ে ওঠা নেটওয়ার্কিং ব্যবসা ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে ২১ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে, যা ওই প্রান্তিকে এনভিডিয়ার মোট আয়ের প্রায় ১৮ শতাংশ।

যুক্তরাষ্ট্রের বাইরে গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) কার্যক্রমে ইসরায়েলে এনভিডিয়ার সবচেয়ে বড় উপস্থিতি রয়েছে। গত তিন বছরে দেশটিতে প্রতিষ্ঠানটির কর্মী দ্বিগুণ হয়ে ৬ হাজারে পৌঁছেছে, যাঁরা সাতটি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে কাজ করছেন। পাশাপাশি হাইফার কাছে কিরিয়াত তিভোনে ১০ হাজার কর্মীর ধারণক্ষমতাসম্পন্ন একটি বড় গবেষণা ও উন্নয়ন ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনা রয়েছে এনভিডিয়ার।

নতুন জাতীয় অবকাঠামো ও বিদ্যুৎ সংকট

ইসরায়েলের বড় এআই অবকাঠামো উদ্যোগগুলোর মধ্যে রয়েছে পরিকল্পিত ‘ওফেক ডেটা সেন্টার’। ২০২৯ সালের দ্বিতীয়ার্ধে কাজ শেষ হলে এটি হবে দেশটির সবচেয়ে বড় ডেটা প্রক্রিয়াকরণ কেন্দ্র। আশদোদ বন্দরের উত্তরে নির্মীয়মাণ এই প্রকল্পে অর্থায়ন করছে সার্ভারফার্ম ও ইসরায়েল ইনফ্রাস্ট্রাকচার ফান্ডসহ (আইআইএফ) কয়েকটি প্রতিষ্ঠানের একটি জোট। শুরুতে ব্যয় ধরা হয়েছে ১ দশমিক ৫ বিলিয়ন ডলার এবং ভবিষ্যতে উন্নয়ন ও সম্প্রসারণে আরও ৫ বিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা রয়েছে।

সমুদ্রতলদেশীয় ফাইবার-অপটিক কেবলের মাধ্যমে কেন্দ্রটি সরাসরি ইউরোপের বাজারের সঙ্গে যুক্ত হবে। সার্ভারের কাজ দ্রুত করতে এতে এনভিডিয়ার ডেটা সেন্টার জিপিইউ যুক্ত করা হবে। শুরুতে বিদ্যুৎ সক্ষমতা থাকবে ১৩০ মেগাওয়াট, যা পরে বাড়িয়ে ২০০ মেগাওয়াট করার পরিকল্পনা রয়েছে।

গবেষণা প্রতিষ্ঠান ডেটা সেন্টার ম্যাপের তথ্য অনুযায়ী, ইসরায়েলে বর্তমানে ৬৭টি ডেটা সেন্টার রয়েছে। গত ফেব্রুয়ারিতে এআই ডেটা সেন্টারগুলোকে জাতীয় অবকাঠামো হিসেবে শ্রেণিবদ্ধ করার উদ্যোগ নেয় সরকার, যাতে স্থানীয় পর্যায়ের বিধিনিষেধ এড়িয়ে দ্রুত কাজ করা যায়। তবে গত মাসে বিদ্যুৎ সংযোগের ব্যাপক চাহিদার কারণে ইসরায়েল ইলেকট্রিক্যাল অথরিটি নতুন সব ডেটা সেন্টারের বিদ্যুৎ সক্ষমতা সর্বোচ্চ ২০০ মেগাওয়াটে সীমাবদ্ধ করে দেয়।

বিশ্লেষকদের মতে, আধুনিক ডেটা সেন্টার পরিচালনার প্রধান ব্যয় হলো বিদ্যুৎ। লন্ডনভিত্তিক স্বাধীন গবেষক ও এআই গভর্নেবিলিটি-বিষয়ক উপদেষ্টা রাজীব দালাল আল-জাজিরাকে বলেন, ‘দ্রুত অনুমোদন দেয়াটা একটি প্রশাসনিক সিদ্ধান্ত। কিন্তু নির্মিত স্থাপনাগুলো চালানোর জন্য বিদ্যুৎ নিশ্চিত করা হলো পরিচালন সক্ষমতার প্রশ্ন। এই দুইয়ের মধ্যবর্তী ব্যবধানেই প্রকল্পটির অর্থনৈতিক যৌক্তিকতা যাচাই হবে।’ 

তিনি আরও বলেন, ইসরায়েল একটি ছোট দেশ, এর বিদ্যুৎ গ্রিডের সক্ষমতা সীমিত এবং উন্নত প্রযুক্তির যন্ত্রপাতির জন্য দেশটি আমদানির ওপর নির্ভরশীল। দালালের ভাষায়, পরাশক্তির মর্যাদা পেতে গিগাওয়াট পর্যায়ের সক্ষমতা, নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ এবং উন্নত চিপের নিয়মিত প্রাপ্যতা প্রয়োজন।

বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে জ্বালানি ও অবকাঠামোমন্ত্রী এলি কোহেন পারমাণবিক শক্তি উন্নয়নের ওপর গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি পূর্ব ভূমধ্যসাগরের তামার, লেভিয়াথান ও কারিশ গ্যাসক্ষেত্র থেকে প্রাকৃতিক গ্যাস ব্যবহারের কথাও বলেছেন তিনি, যা লেবাননের সঙ্গে বিরোধপূর্ণ সামুদ্রিক জলসীমার কাছাকাছি অবস্থিত। চতুর্থ গ্যাসক্ষেত্র কাটলান ২০২৭ সালে উৎপাদনে আসার কথা রয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আশদোদ বন্দরের পাশে নির্মিতব্য ৮৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র থেকে সরাসরি ওফেক ডেটা সেন্টারে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

কৌশলগত হিসাব ও ভূরাজনীতি

গত ফেব্রুয়ারিতে জাতীয় নিরাপত্তার কথা উল্লেখ করে এআই ডেটা সেন্টার নির্মাণ দ্রুততর করার পরিকল্পনা অনুমোদন করে নেতানিয়াহুর সরকার। তখন নেতানিয়াহু বলেন, ‘আমাদের শক্তির ধারাবাহিক বিকাশে একটি নির্ধারক ভূমিকা পালন করবে।’ তিনি আরও বলেন, ‘তবে বিষয়টি শুধু শক্তি প্রদর্শন বা শক্তি গড়ে তোলার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং বৈশ্বিক পর্যায়ে বিপুল ক্ষমতাগত সুবিধা অর্জনের বিষয়ও এর সঙ্গে জড়িত।’ 

তাঁর ভাষায়, ‘আমাদের এটি করতে হবে, কারণ আমরা একটি ছোট ও হুমকির মুখে থাকা দেশ।’

ইসরায়েলের ন্যাশনাল এআই ডিরেক্টরেটের প্রধান এরেজ আসকালও বলেন, আগামী বছরগুলোতে স্পষ্ট হবে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে কোন দেশগুলো বৈশ্বিক অগ্রভাগে অবস্থান করবে এবং কোন দেশগুলো অন্যদের তৈরি প্রযুক্তি, অবকাঠামো ও সক্ষমতার ওপর নির্ভর করতে বাধ্য হবে।

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বার্কম্যান ক্লেইন সেন্টার ফর ইন্টারনেট অ্যান্ড সোসাইটির জননীতি গবেষক মার্ক এসপোসিতো আল-জাজিরাকে বলেন, ‘শুধু বাজারের দক্ষতার দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে, নিজ দেশে এআই ডেটা সেন্টার নির্মাণের যৌক্তিকতা অনেক সময় খুঁজে পাওয়া কঠিন। কিন্তু কোনো দেশের কৌশলগত এআই উচ্চাকাঙ্ক্ষা থাকলে, নিজস্ব ডেটা সেন্টার অবকাঠামো গড়ে তোলার বিষয়টি তাৎক্ষণিক মুনাফার চেয়ে ভবিষ্যতের শিল্পব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণকেন্দ্র নিজেদের হাতে রাখার সঙ্গে বেশি সম্পর্কিত।’ 

তিনি মনে করেন, নিজস্ব ডেটা সেন্টার থাকলেই কোনো দেশ এআই পরাশক্তি হয়ে যায় না, তবে এসব অবকাঠামো ছাড়া এআই পরাশক্তি হওয়া অত্যন্ত কঠিন। এসপোসিতোর মতে, এগুলোর চারপাশে ক্লাউড সেবা, গবেষণাগার, সেমিকন্ডাক্টর প্যাকেজিং, শীতলীকরণ প্রযুক্তি ও জ্বালানি অবকাঠামো গড়ে উঠে একটি পূর্ণাঙ্গ পরিবেশ তৈরি হয়।

ওয়াশিংটন ডিসিভিত্তিক ব্রুকিংস ইনস্টিটিউশনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজি ইনিশিয়েটিভের জ্যেষ্ঠ ফেলো মার্ক মুরো জানান, আরেকটি সুবিধা হলো দ্রুত ও স্থিতিশীল ইনফারেন্স ব্যবস্থা- যার মাধ্যমে প্রশিক্ষিত এআই মডেল তথ্য প্রক্রিয়াকরণ করে ফলাফল বা উত্তর তৈরি করে। 

মুরোর মতে, স্থিতিশীল স্থানীয় ইনফারেন্স ব্যবস্থা ভবিষ্যতে স্থানীয় ব্যবসা, বিদ্যুৎ গ্রিড ও সামরিক সক্ষমতার সহায়ক হবে। গাজা ও পশ্চিম তীরে ইসরায়েল সামরিক অস্ত্রভান্ডারের অংশ হিসেবে এআই প্রযুক্তি ব্যবহার করেছে বলে জানা গেছে। 

মুরো আরও বলেন, বড় ডেটা সেন্টারের পাশাপাশি স্থানীয় পর্যায়ে ইনফারেন্সের জন্য ছোট স্থাপনা নির্মাণ করলে বিদ্যুৎ ও গুরুত্বপূর্ণ সেবা সচল রাখা এবং এআইয়ের ধারাবাহিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব।

ইউরোপের নির্ভরতা ও ঝুঁকি

ইসরায়েল দ্রুত ডেটা সেন্টার নির্মাণে এগোলেও বিদ্যুৎ গ্রিডের সীমাবদ্ধতা, ধীর অনুমোদন প্রক্রিয়া ও জনসাধারণের বিরোধিতার কারণে ইউরোপ পিছিয়ে পড়ছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বিদেশি নিয়ন্ত্রণাধীন ডেটা সেন্টার ও ক্লাউড অবকাঠামোর ওপর ব্যাপকভাবে নির্ভরশীল এবং এই নির্ভরতা বাড়ছে বলে সতর্ক করেছেন বিশ্লেষকেরা। 

বিশ্বের মোট ডেটা সেন্টারের প্রায় ৫১ শতাংশ যুক্তরাষ্ট্রে অবস্থিত। স্থানীয় সার্ভার ব্যস্ত থাকলে বা বিদ্যুতের ব্যবহার বাড়লে যুক্তরাষ্ট্র কিংবা ইইউর বাইরের ডেটা সেন্টারে- যার মধ্যে ওফেক ডেটা সেন্টারও রয়েছে- কম্পিউটিংয়ের কাজ স্থানান্তরের সুযোগ তৈরি হতে পারে।

অন্যদিকে, ইউরোপীয় কমিশনের হিসাব অনুযায়ী, ইইউ সীমানার ভেতরে তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণে কমপক্ষে ৩০ শতাংশ বেশি ব্যয় হতে পারে; তবে এতে তথ্য ইউরোপের গোপনীয়তা আইনের আওতায় থাকে এবং বিদেশি নজরদারি থেকে সুরক্ষা মেলে। 

ব্রাসেলসভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ব্রুগেলের জ্যেষ্ঠ ফেলো বার্টিন মার্টেন্স বলেন, ‘রাজনৈতিক ও নিরাপত্তার দিক থেকে স্পর্শকাতর অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনি চাইবেন না বিদেশি শক্তিগুলো আপনার যোগাযোগ ও কম্পিউটিং কার্যক্রমে আড়ি পাতুক। এ কারণেই স্পর্শকাতর কাজের জন্য নিজস্ব ডেটা সেন্টারের প্রয়োজন রয়েছে।’

ফ্রান্সের নিস শহরের ইউনিভার্সিটি কোট দাজুরের এআই ও উদ্ভাবন অর্থনীতির জুনিয়র অধ্যাপক সিমোন ভানুচ্চিনি বলেন, কম্পিউটিং সক্ষমতার জন্য ইসরায়েল বা অন্য কোনো বিদেশি শক্তির ওপর নির্ভরশীল হলে ভূরাজনীতির ক্ষেত্রে নতুন ঝুঁকি তৈরি হয়। 

তাঁর ভাষায়, ‘হয়তো আমরা কোনো বিষয়ে সমালোচনা করতে আগের চেয়ে কম আগ্রহী হয়ে পড়ব। আর সেটিই সম্ভাব্য ঝুঁকি।’ 

তিনি জানান, বর্তমানে ইসরায়েলের এককভাবে বড় প্রভাব বিস্তারের সক্ষমতা না থাকলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলিয়ে বিবেচনা করলে গুরুত্ব বাড়ে। 

ভানুচ্চিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের হাতে একটি বড় অস্ত্র রয়েছে। ইসরায়েলের হাতেও একটি অস্ত্র রয়েছে, তবে সেটি আকারে কিছুটা ছোট।’

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

মাদারীপুরে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৮: রাজৈর ও সদরে মিছিল
১ বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালুর ঘোষণা
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯
ফেনী ইউনিভার্সিটিতে জাতীয় আইন সম্মেলন, অংশ নিলেন ৫০ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
শেখ হাসিনাকে আসতে হলে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই আসতে হবে: ত্রাণমন্ত্রী

সর্বাধিক পঠিত 

মাদারীপুরে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৮: রাজৈর ও সদরে মিছিল
লন্ডনে গ্লোবাল বিশ্বনাথ এনআরবি অ্যাসোসিয়েশনের পরামর্শ ও মতবিনিময় সভা
জাতীয় হৃদরোগের সিসিইউতে ওষুধ পাচার, বেড বাণিজ্য-অনিয়মের অভিযোগ
শিক্ষা ও পরিবার বাঁচাতে উপকূলীয় শিক্ষার্থীদের জাগরণ যাত্রা
কালো চশমায় চসিক প্রশাসক শাহাদাত, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement