জেলে পরিবারের মেধাবী সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি দেয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। পাশাপাশি জেলে সম্প্রদায়ের শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে নগরের আকমল আলী ঘাট এলাকায় একটি বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে আকমল আলী ঘাটের জেলেপল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন জেলা প্রশাসক। জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিশুদের দুধ, ডিম ও চকলেট দেওয়া হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, গত ৩০ থেকে ৫০ বছরে দেশের বিভিন্ন জনগোষ্ঠীর জীবনমানে উল্লেখযোগ্য পরিবর্তন এলেও জেলে সম্প্রদায়ের জীবনমানে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। অথচ দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে জেলেরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। তাদের জীবনমানের উন্নয়ন ও পেশাগত ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, প্রযুক্তির কাছে পরাজিত হতে চাই না। প্রযুক্তিকে আয়ত্ত করতে হলে এর ব্যবহার জানতে হবে। প্রযুক্তির ব্যবহার না জানলে প্রযুক্তিই মানুষকে ব্যবহার করবে। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে জেলে সম্প্রদায় ভবিষ্যতে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। এতে তাদের দীর্ঘদিনের পেশাগত ঐতিহ্যও হুমকির মুখে পড়তে পারে।
প্রতিনিধি/আরএইচ