ফুটবল বিশ্বকাপ মানেই শোবিজ তারকাদের মাঝে বাড়তি উন্মাদনা। প্রিয় দলকে ঘিরে তাঁদের তর্ক-বিতর্ক, ভবিষ্যদ্বাণী আর আবেগঘন পোস্ট বরাবরই নজর কাড়ে অনুরাগীদের। সেই তালিকায় এবার আলোচনা উসকে দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি।
বিশ্বকাপের শুরু থেকেই নিজেকে কট্টর ব্রাজিল সমর্থক হিসেবে জাহির করেছেন হিমি। সেলেসাওদের জার্সি গায়ে একের পর এক পোস্ট আর ব্রাজিলের ম্যাচ ঘিরে তাঁর উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কিন্তু ব্রাজিল বিদায়ের পর এবার সবাইকে চমকে দিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী অঞ্চলের দল ইংল্যান্ডের জার্সি গায়ে হাজির হয়েছেন এই অভিনেত্রী।
বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে ইংল্যান্ডের ১০ নম্বর জার্সি পরিহিত একটি ছবি পোস্ট করেন হিমি। ক্যাপশনে লেখেন, ‘প্রিয় ইংল্যান্ড, তোমরাই চ্যাম্পিয়ন হবে! এটাই আমার বিশ্বাস। আজকের ম্যাচের জন্য শুভ কামনা।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজিও।
হিমির এমন পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ভক্ত-অনুরাগীদের মাঝে শুরু হয়েছে নানা আলোচনা ও রসাত্মক প্রতিক্রিয়া। মন্তব্যের ঘরে অনেকেই মজা করে জানতে চেয়েছেন, কট্টর ব্রাজিল সমর্থক হয়েও হঠাৎ কেন তিনি ইংল্যান্ডের নৌকায় পা রাখলেন।
আবার অনেকের ধারণা, নিজের প্রিয় দল টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর দ্বিতীয় পছন্দের দল হিসেবে থ্রি লায়ন্সদের বেছে নিয়েছেন হিমি।
চলমান ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকারা যে যাঁর মতো প্রিয় দলকে নিয়ে সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। সেই চেনা সমীকরণেই হিমির এই ‘ইংল্যান্ড-প্রীতি’ ফুটবলপ্রেমীদের মাঝে বাড়তি বিনোদন জোগাচ্ছে।
উল্লেখ্য, বিশ্বকাপের হাইভোল্টেজ সেমিফাইনালে আজ বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। আজকের ম্যাচে জয়ী দলটি আগামী ১৯ জুলাই নিউইয়র্কের নিউজার্সি স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে স্পেনের।
দেশবার্তা/একে