কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ মাঝেমধ্যে উঁকিঝুঁকি মারলেও বাস্তবে তাদের কোনো তৎপরতা চালানোর মুরোদ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি জানান, রাজনৈতিক শক্তি হারিয়ে দলটি এখন কেবল বিদেশ থেকে উঁকি দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ, তাদের আসলে কিছুই করার সামর্থ্য নেই।
সোমবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
দুবাইয়ে আটক পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিষয়ে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বেনজীর যেন সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ত্যাগ করতে না পারেন, সে জন্য আদালত তাকে শর্তসাপেক্ষ জামিন দিয়েছে। তবে তার এই জামিন বাতিল করে দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকার সব ধরনের ব্যবস্থা নিচ্ছে।
এই আইনি লড়াই পরিচালনা করতে ইতোমধ্যে একটি ল’ ফার্ম নিয়োগ করা হয়েছে বলেও জানান তিনি।
আগামী ৫ আগস্ট জুলাই গণআন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি সমমনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে কর্মসূচি পালন করবে জানিয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক বৈঠক ডাকা হয়েছে।
একই সঙ্গে দেশের সার্বিক নিরাপত্তার বিষয়ে আশ্বাস দিয়ে তিনি বলেন, বিভিন্ন সময়ে উগ্রবাদী গোষ্ঠীগুলো নাশকতা কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটানোর অপচেষ্টা করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
এছাড়া, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর বাংলাদেশ সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকের পর সার্বিক বিষয়ে মার্কিন দূত সন্তোষ প্রকাশ করেছেন।
দেশবার্তা/একে